‘গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ (গেট ২০২৭)-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৪ অগস্ট ২০২৬ থেকে শুরু হতে চলেছে। এই প্রবেশিকার আয়োজক প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করতে প্রার্থীদের আগে থেকেই তাঁদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করে রাখতে হবে। কারণ, এ বার আবেদনের সময়ে ডিজিলকার অ্যাকাউন্ট যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
আইআইটি মাদ্রাজ জানিয়েছে, ডিজিলকার লিঙ্ক করার মূল উদ্দেশ্য, আবেদনপ্রক্রিয়াকে আরও দ্রুত, নির্ভুল ও সুরক্ষিত করা। ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে প্রার্থীর নাম, জন্মতারিখ, ছবি, পরিচয়পত্রের নম্বর, ইমেল, মোবাইল নম্বর এবং ঠিকানা সরাসরি ও স্বয়ংক্রিয় ভাবে জেনারেট হয়ে যাবে।
আগামী অগস্ট থেকেই শুরু হতে চলেছে গেট ২০২৭-এর আবেদনপ্রক্রিয়া। আইআইটি মাদ্রাজ সূত্রে খবর, সম্ভাব্য ১৪ অগস্ট ২০২৬ থেকেই এই প্রবেশিকা পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু: ১৪ অগস্ট, ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৬।
জরিমানা-সহ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬।
আবেদন সংশোধনের সুযোগ: ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর, ২০২৬।
পরীক্ষার শহর ঘোষণা: ৪ জানুয়ারি, ২০২৭।
পরীক্ষার তারিখ: ৬, ৭, ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি, ২০২৭।
ফলাফল প্রকাশ: ১৯ মার্চ, ২০২৭।
ডিজিলকার লিঙ্ক করবেন কী ভাবে?
১। প্রথমে গেট-এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://goaps.iitg.ac.in/login) যেতে হবে।
২। ডিজিলকারের উইন্ডোটি দেখা যাবে ‘হোমপেজ’-এ। সেখান থেকে ‘গো টু ডিজিলকার’-এ ক্লিক করতে হবে।
৩। নিজের ডিজিলকার অ্যাকাউন্টের ইউজ়ার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
৪। ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য জমা করতে হবে।
আরও পড়ুন:
-
জটিল অস্ত্রোপচারে কৃত্রিম ভাবে রোগীর শ্বাস-প্রশ্বাস এবং রক্তসংবহন সচল রাখেন ‘পারফিউশনিস্ট’, কোন যোগ্যতা প্রয়োজন?
-
কানওয়ার যাত্রার জেরে মিরাট ও মুজফফরনগরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে পরীক্ষা হবে নির্ধারিত সূচি মেনেই
-
বিনামূল্যে জেইই ও নিট-এর প্রশিক্ষণ পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা! দিল্লি সরকারের নয়া উদ্যোগের বিজ্ঞপ্তি প্রকাশিত
দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর (এমটেক) এবং পিএইচডি-তে ভর্তির জন্য গেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। এ ছাড়া একাধিক সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাও কর্মী নিয়োগের ক্ষেত্রে গেট-এ প্রাপ্ত স্কোরকেই প্রাথমিক মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকে। আবেদনপত্র পূরণের আগে পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ।