Advertisement
E-Paper

বিনামূল্যে জেইই ও নিট-এর প্রশিক্ষণ পাবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা! দিল্লি সরকারের নয়া উদ্যোগের বিজ্ঞপ্তি প্রকাশিত

বর্তমানে সরকারি বা সরকার পোষিত স্কুলে বিজ্ঞান বিভাগে পাঠরত দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা, যাদের বিগত পরীক্ষায় ভাল অ্যাকাডেমিক রেকর্ড রয়েছে, তারা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ১৫:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে দিল্লি সরকার। সম্প্রতি দিল্লির শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, দিল্লির সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেইই এবং নিট-ইউজি-র আবাসিক কোচিংয়ের ব্যবস্থা করতে চলেছে দিল্লি সরকার।

দিল্লি সরকারের সঙ্গে এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই স্কলারশিপ কার্যক্রমটি পরিচালিত হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বর্তমানে সরকারি বা সরকার পোষিত স্কুলে বিজ্ঞান বিভাগে পাঠরত দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা, যাদের বিগত পরীক্ষায় ভাল অ্যাকাডেমিক রেকর্ড রয়েছে, তারা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের নির্বাচনের জন্য আগামী ডিসেম্বর মাসে একটি যৌথ বাছাইপর্ব পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মহারাষ্ট্রের পুণের কাছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার নিজস্ব ক্যাম্পাসে সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের জন্য থেকে কোচিং নেওয়ার সুযোগ পাবে।

এই প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কোনও টাকা জমা দিতে হবে না। থাকা, খাওয়া, হস্টেল খরচ থেকে শুরু করে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতির সব খরচই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যোগ্য হলে সুযোগ পাবে।

শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, উচ্চমানের কোচিং ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যাতে সাধারণ ঘরের ছেলেমেয়েরাও দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে পারে। দিল্লির শিক্ষা দফতর সবক’টি স্কুলকে এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদন প্রক্রিয়া ও নির্বাচন পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পড়ুয়াদের নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

NEET UG JEE Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy