Advertisement
E-Paper

‘আমি অনেকদিন ধরেই লক্ষ করছি’, কলকাতায় পড়ুয়াদের প্রতিবাদ, ছাত্র আন্দোলন নিয়ে মৌনতা ভাঙলেন দেব

২০ জুলাইয়ের পর একে একে মুখ খোলেন বলিউডের তারকারা। কিন্তু তখনও নীরব টলিউড। অবশেষে ২৩ জুলাই পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে মুখ খোলেন জিৎ। এ বার পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে সরব দেব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২০:৪৫
ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব।

ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব। ছবি: সংগৃহীত।

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। তা-ও প্রায় এক মাস হতে চলল। গত ২০ জুলাই ছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পড়ুয়াদের সংসদ অভিযান। সেখানেই পরিস্থিতি যেন গুরুতর হয়। দিল্লির রাজপথে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার কাণ্ড বাধে। তার পর সেই আন্দোলনের আঁচ এসে পড়ে ভারতের অন্যান্য শহরে। ইতিমধ্যেই মুম্বই থেকে অরুণাচলে পথে নেমেছেন পড়ুয়ারা। ২৪ জুলাই কলকাতায় প্রতিবাদে নামেন ছাত্রছাত্রীরা। এই গোটা ঘটনায় প্রথম দিকে বলিউড তারকারা নীরব থাকলেও ২০ জুলাইয়ের পর একে একে মুখ খোলেন অনেকেই। কিন্তু তখনও নীরব টলিউড। অবশেষে ২৩ জুলাই পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে মুখ খোলেন জিৎ। এ বার পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে সরব দেব।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন দেশের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন,একটাই আশায় তাঁদের কথা যা শোনা যায়। দেবের কথায়, ‘‘এই ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ, যখন দেশের পড়ুয়ারা আওয়াজ তোলে তখন সেই কথা সমবেদনা, সহানুভূতির সঙ্গে শোনা দরকার।’’

ছাত্রছাত্রীদের এই আন্দোলন দেখে ভারত সরকারের কাছে অনুরোধ করেন সাংসদ দেব বলেন, ‘‘আমি আন্তরিক ভাবে ভারত সরকারের মাননীয় প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, তাঁরা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন, তাঁদের অভিযোগ ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান। একই সঙ্গে আমি সকলের কাছে আবেদন জানাই, শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখুন। ভারতের সবচেয়ে বড় শক্তি বরাবরই তার তরুণ প্রজন্ম। আসুন, আমরা আমাদের যুবসমাজের পাশে দাঁড়াই—বিভাজনকে আরও গভীর করে নয়, বরং অর্থবহ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।’’ উল্লেখ্য, কলকাতায় পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মেলান সৌরভ পালোধী, চন্দন সেন, ঋদ্ধি সেনের মতো টলিপাড়ার তারকা।

Dev Tollywood Actor Cockroach Janata Party NEET Exams Paper Leak Scam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy