অবশেষে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলক। ছবির অধিকাংশ জুড়ে রয়েছে রাবণরূপী যশ। অনুরাগীদের একাংশের বক্তব্য, যশ মুগ্ধ করেছেন ঝলকেই। এ বার দক্ষিণী তারকার প্রশংসায় মুখ খুললেন ‘কান্তারা’ পরিচালক ঋষভ শেট্টী।
সমাজমাধ্যমে ‘রামায়ণ’-এর ঝলক নিয়ে মুখ খুলেছেন পরিচালক-অভিনেতা। ঋষভ লিখেছেন, “আমাদের মহাকাব্যের গল্প এবং চরিত্রকে বিশ্বাসযোগ্য ভাবে পর্দায় তুলে ধরা মোটেই সহজ নয়। ছোটবেলা থেকে আমরা এই সব গল্প শুনে বড় হয়েছি। প্রত্যেকের মনেই এই কালজয়ী চরিত্রগুলিকে নিয়ে আলাদা কল্পনা রয়েছে। সেই জগৎকে এমন বিশ্বাসযোগ্য ভাবে গড়ে তোলার জন্য গোটা দলকে কুর্নিশ। নীতেশ তিওয়ারি এবং নমিত মলহোত্র, আপনাদের অভিনন্দন।”
এখানেই শেষ নয়। মুগ্ধ হয়ে তিনি আরও লেখেন, “এমন বড় চরিত্রে অভিনয় করার সময়ে একজন অভিনেতার উপর কতটা চাপ থাকে, সেটা আমি বুঝতে পারি। ছবির সকল অভিনেতা সেই দায়িত্ব অসাধারণ ভাবে পালন করেছেন। রবি দুবে, সাই পল্লবী এবং রকুলপ্রীত। এ আর রহমান এবং হ্যান্স জিমার, আপনাদের সুর ছবির প্রতিটি আবেগকে আরও গভীর করে তুলেছে। সত্যিই অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর।”
এর পরেই যশের ভূয়সী প্রশংসা করেছেন ঋষভ। প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি লেখেন, “রণবীর কপূর, ভাই, তোমায় দেখে সত্যিই রামের ঐশ্বরিক উপস্থিতি অনুভব হয়েছে। যশ স্যর, আপনার প্রতিটি দৃশ্যের সঙ্গে সঙ্গে আমার বিস্ময় আরও বেড়েছে। আমার মনে হয় না, এই চরিত্রে আপনার চেয়ে ভাল আর কেউ অভিনয় করতে পারতেন। আপনার অভিনয় নিয়ে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এটুকুই বলব, একজন কন্নড়বাসী হিসাবে আপনি বারবার আমাদের গর্বিত করেছেন।”
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর, এই ছবি মুক্তি পাবে। ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।