অমৃতসরের এক সাধারণ পরিবার থেকে বিশ্বের অন্যতম পরিচিত ভারতীয় রন্ধনশিল্পী হয়ে ওঠার পথটা সহজ ছিল না। কিন্তু বিকাশ খন্নার কাছে রান্নার অর্থ কোনও দিনই শুধু খাবার পরিবেশন ছিল না। তাঁর মতে খাবারের মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের সংস্কৃতি আর শিকড়ের গল্প। সেই ভাবনা থেকেই নিউ ইয়র্কে গড়ে উঠেছে তাঁর রেস্তরাঁ ‘বাংলো’। আর সেই রেস্তরাঁয় গিয়েই এমন এক মন্তব্য করেছিলেন শাহরুখ খান, যা আজও ভুলতে পারেননি বিকাশ।
পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য রেস্তরাঁয় গিয়েছেন শাহরুখ। কিন্তু ‘বাংলো’য় এসে তাঁর অনুভূতি ছিল একেবারেই আলাদা, এমনই জানান বিকাশ। শাহরুখ নাকি তাঁকে বলেছিলেন, “আজ পর্যন্ত যত রেস্তরাঁয় গিয়েছি, সবই আমার কাছে দোকানের মতো মনে হয়েছে। সেখানে শুধু লেনদেন হয়েছে। কিন্তু এখানে এসে মনে হল, যেন কারও মন্দিরে ঢুকেছি। মনে হল, তুমি আমাদের সংস্কৃতি, আমাদের বাবা-মা, আমাদের পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করছ। এটা খুব কঠিন কাজ।”
আরও পড়ুন:
শাহরুখের সেই কথাগুলি আজও তাঁর মনের মধ্যে গেঁথে রয়েছে বলে জানান বিকাশ। শাহরুখের ‘বাংলো’ সফরের স্মৃতি এর আগেও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন বিকাশ। ২০২৪ সালে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছিলেন, তাঁর জীবনে তিন জন মানুষের প্রভাব সবচেয়ে বেশি। তাঁর মা, রন্ধনশিল্পী সঞ্জীব কপূর এবং শাহরুখ খান।
সমাজমাধ্যমে করা পোস্টে বিকাশ জানান, ‘বাংলো’য় এসে শাহরুখ তাঁকে পাশে বসতে বলেছিলেন। বিকাশ লিখেছিলেন, “শাহরুখ শুধু একজন অভিনেতা নন। তাঁর কণ্ঠস্বর, ধৈর্য, আত্মবিশ্বাস, সহমর্মিতা এবং মানুষের প্রতি ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এই গুণগুলিই তাঁকে আমার চোখে নায়ক করে তুলেছে।”