মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি। তার পরেই হু-হু করে নীচে নামতে শুরু করে বিমান। প্রায় ৩০০ ফুট নেমে থামে ফুকেত-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সেই সময় ঠিক কী ঘটেছিল, তা তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ওই বিমানের পাইলট কি মত্ত ছিলেন? ইতিমধ্যেই তা যাচাই করতে পাইলটের ‘ডোপ টেস্ট’ করানো হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন পাইলট? সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ‘ডোপ টেস্টে’ উত্তীর্ণ হননি এয়ার ইন্ডিয়ার সেই বিমানের পাইলট। যদিও আনুষ্ঠানিক ভাবে ‘ডোপ টেস্ট’ সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লি এআই২৩৭৯ বিমানে এই বিভ্রাট ঘটে। ফুকেত থেকে ওড়ার সময়েও কোনও সমস্যা ছিল না। তবে কিছু সময় পরে হঠাৎই ওই বিমানে ঝাঁকুনি শুরু হয়। পাইলট যতক্ষণে পরিস্থিতি সামাল দেন, ততক্ষণে ওই বিমান ৩০০ ফুট নেমে গিয়েছিল। প্রাথমিক অনুমান, ‘এয়ার টার্বুল্যান্স’-এর কারণেই বিপত্তি ঘটে। আচমকা আবহাওয়ার মতিগতি বদলে গেলে, দুর্যোগ শুরু হয়ে গেলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বিমানে। যাত্রাপথে প্রায়ই বিমানগুলি এই সমস্যার মুখে পড়ে। তবে ‘বিপদ’ বুঝে পাইলট আগে থেকেই সতর্ক করেন। কিন্তু দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানের ক্ষেত্রে তা হয়নি। আচমকা বিমান নীচে নেমে যাওয়ায় পাইলটের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে ডিজিসিএ।
আরও পড়ুন:
পাইলটের ‘ডোপ টেস্ট’ নিয়ে প্রকাশিত খবরের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এয়ার ইন্ডিয়া। বিবৃতি দিয়ে জানায়, তারা এই পরীক্ষার ব্যাপারে অবগত। তবে পরীক্ষার ফলাফল এয়ার ইন্ডিয়াকে জানানো হয়নি। সেই কারণে ডোপ টেস্টের ফলাফল সংক্রান্ত কোনও ব্যাপারে মন্তব্য করার এক্তিয়ার নেই তাদের। এ-ও জানান, ভারতের অসমারিক বিমান পরিচালনা জন্য যে বিধি রয়েছে, তা সর্বদা মেনে চলে এয়ার ইন্ডিয়া। তারা আরও বলেছে, ‘‘প্রয়োজন অনুযায়ী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবরকম সাহায্য করতে প্রস্তুত।’’
ডিজিসিএ ইতিমধ্যেই ওই বিমান থেকে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার সংগ্রহ করেছে। তদন্ত শেষে যা কিছু উঠে আসবে, তা প্রকাশ্যে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। তবে সংগৃহীত সব তথ্য পুনরুদ্ধার করে তা বিশ্লেষণ করতে সাধারণত সপ্তাহখানেক সময় লাগে। তার পরেই জানা যায়, ঠিক কী ভাবে ঘটেছিল বিভ্রাট।