E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘উন্নত ভারত’ নিয়ে মোদীর বার্তা যুবদের

জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী পড়ুয়াদের বড় স্বপ্ন দেখতে ও নিজেদের দিগন্তকে প্রসারিত করে নিজেদের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৯:১৬
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

দিল্লিতে যখন রাজপথের দখল নিয়েছে ছাত্র-যুবরা, তখন চেন্নাইয়ে একটি স্কুলের অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বললেন, ‘‘এটাই আপনাদের সুযোগ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা এক সঙ্গে তা করে দেখাব।’’ আজ ওই স্কুলের অনুষ্ঠান ছাড়াও মেট্রো রেলের রুটের উদ্বোধন, বন্দর ও সড়ক সংক্রান্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

নিট প্রশ্ন কেলেঙ্কারি নিয়ে গত জুলাই মাসে পথে নেমেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ছাত্র-যুবদের আন্দোলনে শেষ পর্যন্ত ইস্তফা দিতে হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এ যাত্রায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ক’দিনের মতো আজও পথে নেমেছেন সেই ছাত্র-যুবরা। এই আবহে আজ চেন্নাই সফরে গিয়ে একটি স্কুলের অনুষ্ঠানে ঘুরিয়ে পড়ুয়াদের বার্তা দিলেন মোদী। তিনি বলেন, ‘‘তরুণ ভারতীয়দের চিন্তাভাবনাই দেশ ও বিশ্ব উভয়ের ভবিষ্যৎ গড়ে তুলবে।’’

আজ জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী পড়ুয়াদের বড় স্বপ্ন দেখতে ও নিজেদের দিগন্তকে প্রসারিত করে নিজেদের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেছেন। পাশাপাশি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে পড়ুয়াদের নতুন ধারণা ও সমাধান খোঁজার উপরে জোর দিয়েছেন। মোদীর কথায়, ‘‘বিশ্ব নানা সমস্যার সঙ্গে লড়াই করছে। আমাদের দেশের পড়ুয়াদেরই সে সব সমস্যার সমাধান দেওয়ার সম্ভাবনা রয়েছে।’’ দেশের তরুণদের একাংশ যখন পথে নেমেছেন, তখন তামিল পড়ুয়াদের উদ্দেশে মোদীর বার্তা, ‘‘আজকের ভারতের অসীম সম্ভাবনা রয়েছে। প্রত্যেক পড়ুয়ার সেই বিশাল প্রেক্ষাপটকে বুঝতে হবে, দেখতে হবে। কারণ এটাই আপনাদের সময়। এটাই আপনাদের সুযোগ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, দেশের পড়ুয়াদের স্বপ্ন পূরণ হবে। আমরা একসঙ্গে সেই স্বপ্ন সফল করব।’’


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Narendra Modi Youth

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy