দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির তরফ থেকে সফরসূচি প্রকাশ্যে এসেছে। দু’দিনের এই সফরে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল অবশ্য কোনও তারিখ স্পষ্ট করেননি। তিনি বলেছেন, “কানাডার বিদেশমন্ত্রী কিছু দিন আগে ভারত সফর করেছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেই সময়েই প্রধানমন্ত্রীর কানাডা সফরের বিষয়টি আলোচনার টেবিলে উঠে আসে। তারিখ নিয়ে বর্তমানে আলোচনা চলছে।”