গত মাসে ভারতের রফতানি ২৩% বেড়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিসংখ্যানে জানানো হয়েছে, এই বৃদ্ধির হাত ধরে ৪৪৪০ কোটি ডলারে পৌঁছেছে এ দেশ থেকে হওয়া মোট রফতানির অঙ্ক। অন্য দিকে, গত সেপ্টেম্বরে ৮% বেড়ে ৭৪৬১ কোটি ডলার হয়েছে আমদানি। ফলে আগের থেকে কিছুটা কমেছে বাণিজ্য ঘাটতি। তার পরিমাণ দাঁড়িয়েছে ৩০২১ কোটি ডলার। আগের বছরের সেপ্টেম্বরে ঘাটতির অঙ্ক ছিল ৩৩০০কোটি ডলার।
ভূ-রাজনৈতিক সমস্যা বহু দিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্যে সঙ্কট তৈরি করেছে। এ ছাড়া পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি গোটা অবস্থা আরও ঘোরালো করে তুলেছে।
এই অব সরকারি মহলের দাবি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ভারত নিজের পায়ের তলার জমি হারায়নি। বরং সরকারি হিসাবে দাবি, রফতানি ভাল হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ছ’মাসেও। তা ১৮.৫১% হারে বেড়ে হয়েছে ২৫,৯৮৯ কোটি ডলার। এই ক’মাসে আমদানি ১৬.৩১% হারে বেড়ে ছুঁয়েছে ৪৩,৭৫৩ কোটি। কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের দাবি, বৃদ্ধি বজায় রেখেছে ভারতের রফতানি।