মুষলধারে বৃষ্টিতে মাথা বাঁচাতে ছাউনির তলায় সবে দাঁড়িয়েছেন, ভিজে ছাতা নিয়ে পাশে এসে দাঁড়ানো মানুষটি এমন ভাবে সেই ছাতা বন্ধ করলেন, ছিটকে পড়ল জল। জামা ভিজে গেলে মাথা গরম তো হবেই!
ট্রেনে, বাসে কখনও কেউ ভিজে ছাতাটা বসার শুকনো আসনে রেখে সেই জায়গা ভিজিয়ে দিচ্ছেন, কখনও আবার রাস্তায় হাঁটতে গিয়ে অজান্তেই খোঁচা দিয়ে ফেলছেন পথচারীকে।
আরও পড়ুন:
বর্ষার ছাতা যতটা প্রয়োজনীয়, ঠিক ততটাই বিড়ম্বনারও কারণ হতে পারে। বিশেষত ছাতা ব্যবহারের কায়দাটুকু জানা না থাকলে, ছাতার গুঁতোয় অস্থির হতে পারেন কোনও সহনাগরিক। কোন নিয়ম মানলে এমন বিড়ম্বনা এড়ানো সম্ভব?
১। ট্রেনে বা বাসে, ভিজে ছাতাটি শুকনো আসনে রাখার অভ্যাসটি মোটেই ভাল নয়। কারণ, সেই আসনটি ভিজে গেলে অন্য যাত্রীর বসতে অসুবিধা হবে। আবার, ভিজে জবজবে ছাতা নিয়ে দোকানে বা মলে ঢুকে মেঝে জলময় করে তোলাও কাজের কথা নয়। ঝক্কি এড়াতে সঙ্গে ছাতার ব্যাগ রাখুন। রেখে দিতে পারেন প্লাস্টিকও। ভিজে ছাতা তাতে ভরে নিলে কোথাও জল পড়বে না। নিতেও সুবিধা হবে।
২। ছাতার আকারটিও শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। ছোটখাটো চেহারার মানুষের ঢাউস ছাতার তো দরকার নেই, যদি না সঙ্গে কোনও শিশু থাকে। আবার লম্বা-চওড়া চেহারার কেউ ছোট্ট একটি ছাতা নিলে সেটিও হয় বেমানান। সুবিধা হতে পারে ৩ ভাগে ভাঁজ করা ছাতা নিলে, কারণ সেটি ছোট করে ভাঁজ করা যায়, ব্যাগেও রাখা যায়।
ছাতা খোলার সময় কারও যাতে লেগে না যায় সতর্ক থাকা দরকার। ছবি: এআই দিয়ে তৈরি।
৩। ছাতা খোলার সময়ে আশপাশ দেখে নেওয়া জরুরি। খুব কাছে কেউ থাকলে ছাতার শিক লেগে যেতে পারে। ঠিক একই ভাবে ভিজে ছাতাও বন্ধ বা খোলার সময়ে সতর্ক থাকা দরকার। কারণ, সেই সময়ও জল ছিটকে যায়।
দু’জনে হাঁটলে একটি ছাতাই সুবিধাজনক। ছবি: এআই দিয়ে তৈরি।
৪। দু’জনে হাঁটার সময়ে একটি বড় ছাতা ব্যবহার করাই ভাল। দু’টি আলাদা ছাতা নিয়ে পাশাপাশি হাঁটা অসুবিধাজনক হয়ে যায়, জায়গাও বেশি লাগে। তাতে অন্য পথচারী বা যাত্রীদের অসুবিধা হতে পারে।
৫। অনেক সময়ে মধ্যবয়স্ক বা বয়স্কেরা ছাতা বগলে নিয়ে হাঁটেন। এতে সামনের পথচারীর ছাতার খোঁচা খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৬। দু’জনে এক ছাতার তলায় থাকলে, যাঁর উচ্চতা বেশি, তাঁর হাতে ছাতা থাকা সুবিধাজনক।
৭। দোকানে বা কোথাও গিয়ে নির্দিষ্ট স্থানে ছাতা রাখলেন। সেটি নেওয়ার সময়ে খেয়াল রাখুন, সঠিক ছাতাটাই নিচ্ছেন কি না। অনেক ছাতার ভিড়ে ভুল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যের ছাতাটি তুলে নিলে মোটেও ভাবমূর্তি ভাল হবে না।