বাড়িতে মিক্সার বা জুসার নেই বলে ফলের রসাস্বাদন থেকে বঞ্চিত হতে হবে? বাইরে থেকে কিনে না এনে বরং রান্নাঘরে থাকা একেবারে সাধারণ কয়েকটি জিনিস দিয়েই টাটকা ফলের রস তৈরি করে নিন। সময় বেশি লাগলেও ঘরে বানানো তাজা ফলের রস খেতে ভাল এবং স্বাস্থ্যকরও।
তবে সব ফলের জন্য একই পদ্ধতি কাজ করবে না। ফল কতটা নরম, তার মধ্যে জল কতটা এবং বীজ বা খোসা কেমন— এ সবের উপর নির্ভর করে পদ্ধতি বেছে নিতে হবে।
ঘরে বানানো তাজা ফলের রস। ছবি: সংগৃহীত
১. ছেঁকে নিন গ্রেট করে
আপেল, নাশপাতি বা শসার মতো শক্ত ফলের ক্ষেত্রে গ্রেটার সবচেয়ে সহজ উপায়। প্রথমে ফল ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এর পর পরিষ্কার পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যে চেপে চেপে রস বার করে নিন। এই পদ্ধতিতে ফলের শাঁস আলাদা করে নেওয়া যায় এবং অল্প পরিমাণ রসও সহজে তৈরি হয়।
২. থেতো করে নিন
স্ট্রবেরি বা অন্য নরম ফলের ক্ষেত্রে মিক্সারের প্রয়োজনই নেই। পরিষ্কার একটি শক্ত পাত্রে ফল রেখে চামচ বা পোক্ত হাতা দিয়ে ভাল করে থেতো করে নিন। চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। এর পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই রস তৈরি। ছাঁকনির বদলে নরম কাপড় দিয়েও কাজ হবে। খুব নরম ফল হলে সরাসরি চটকে তার সঙ্গে অল্প জল মিশিয়েও রস তৈরি করা যায়। স্ট্রবেরি, আলুবোখরা বা নরম পেয়ারা থেকে রস বার করার জন্য এই পদ্ধতি কার্যকর হতে পারে।
নয়া পদ্ধতিতে ফলের রস। ছবি: এআই সহায়তায় তৈরি।
৩. বেলন ব্যবহার করুন
রুটি বেলার বেলনও কাজে লাগতে পারে ফলের রস তৈরিতে। আঙুর, তরমুজের মতো নরম ও জলীয় ফল ছোট টুকরো করে একটি পরিষ্কার ও মোটা পলিথিন ব্যাগে রেখে বেলন দিয়ে চাপ দিন। এতে ফলের কোষ ভেঙে জল বেরিয়ে আসবে। এর পর ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে রস বার করে নিন। বীজ থাকলে অবশ্যই সেগুলি আলাদা করে ফেলে দিতে হবে আগেই।
৫ পদ্ধতিতে ফলের রস বানানোর উপায়। ছবি: এআই সহায়তায় তৈরি।
৪. বোতলে ঝাঁকিয়ে নিন
পেকে যাওয়া বেরিজাতীয় ফল, নরম তরমুজের মতো ফলের ক্ষেত্রে এই কৌশল উপকারী হতে পারে। এই ধরনের নরম ফল ছোট টুকরো করে একটি পরিষ্কার, ঢাকনা-বন্ধ করা যায় এমন বোতলে ভরে নিন। বোতলটি ভাল করে বন্ধ করে কিছুক্ষণ জোরে ঝাঁকালে ফল নরম হয়ে ভেঙে যেতে পারে। পরে সেই মিশ্রণ ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে রস।
৫. সরাসরি চিপে নিন
কিছু কিছু ফলের ক্ষেত্রে কোনও যন্ত্র বা সামগ্রীরই প্রয়োজন পড়ে না। যেমন, সাইট্রাসজাতীয় ফল। অর্থাৎ মুসম্বি, পাতিলেবু বা এমন কিছু ফলের ক্ষেত্রে প্রথমে টেবিলে রেখে কয়েক বার হাত দিয়ে চেপে ঘুরিয়ে নিন। তার পর মাঝখান থেকে কেটে গ্লাসে চিপে রস বার করে নিন। হাতের চাপেই সমস্ত রস বেরিয়ে আসবে, তবে দরকার পড়লে হাতে ধরার স্কুইজ়ার ব্যবহার করা যেতে পারে। আধ টুকরোগুলি তাতে ভরে চেপে রস বার করা যায় আরও সহজে।