চটজলদি আমিষ বললে ডিমের কথাই সবার আগে মনে পড়ে। রাতে যাঁরা রুটি কিংবা পরোটা খেতে ভালবাসেন, তাঁরা সচরাচর রুটির সঙ্গে মাছ খান না। ফলে আমিষ খাবার হিসাবে বিকল্প থাকে দু’টি— মাংস অথবা ডিম। এর মধ্যে হালকা অথচ সুস্বাদু খাবার বানাতে চাইলে নৈশভোজের মেনুতে রাখতে পারেন সাওজি কায়দার ডিমের কারি। বানানোর তেমন ঝক্কি নেই। মিনিট কুড়ির মধ্যেই গোটা রান্না হয়ে যেতে পারে সব গোছানো থাকলে। শিখে নিন কী ভাবে বানাবেন।
উপকরণ:
৬টি সেদ্ধ ডিম
২টি আলু (ডুমো করে কাটা)
১ চা-চামচ কালো সর্ষে
৭-৮টি কারিপাতা
১ কাপ পেঁয়াজকুচি
দেড় চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কার গুঁড়ো
১ কাপ নারকেলবাটা
৬-৭টি চেরা কাঁচালঙ্কা
১২-১৫টি ভাজা কাজু
স্বাদমতো নুন
২ কাপ নারকেলের দুধ
২ টেবিলচামচ ধনেপাতাকুচি
১ টেবিলচামচ লেবুর রস
পরিমাণমতো তেল
প্রণালী:
প্রথমে কড়াইয়ে তেল গরম করে আলু আর ডিম ভেজে তুলে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন বাদামি করে। এর পর নারকেলবাটা, কাঁচালঙ্কা আর হলুদগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে তাতে ভাজা কাজু, নুন আর নারকেলের দুধ দিয়ে ফুটতে দিন। খানিকক্ষণ পর আলু আর ডিম দিয়ে ঢেকে মিনিট পাঁচেক রান্না করুন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতাকুচি আর লেবুর রস ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন ডিমের সাওজি কারি।