Advertisement
E-Paper

চিংড়ির স্বাদ বদলান রসুন ও ধনেপাতা দিয়ে! ফিউশন রান্না গার্লিক কোরিয়েন্ডার প্রন বানিয়ে চমকে দিন

মেক্সিকো, পুয়ের্তোরিকোর মতো এলাকায় চিংড়ি মাছের পদ রান্না করা হয় রসুন, লেবুর রস, সিলান্ট্রোর মতো মশলা দিয়ে। সেই সব উপকরণ দিয়েই খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন গার্লিক কোরিয়েন্ডার প্রন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৪০
চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন সহজ ফিউশন রান্না!

চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন সহজ ফিউশন রান্না! ছবি: এআই সহায়তায় তৈরি।

চিংড়ির এত রকম সুস্বাদু রান্না আছে পশ্চিমবঙ্গে, যে তার বাইরে অন্য দেশের রান্নাবান্নায় নজর দেওয়ার বড় একটা প্রয়োজন হয় না। তবে কখনও সখনও স্বাদ বদলেরও দরকার পড়ে। বাড়িতে অতিথি এলে পাতে চিংড়ির মালাইকারি বা সর্ষে চিংড়ি পরিবেশন না করে তখন সাজিয়ে দিতে পারেন চিংড়ির এক বিশেষ লাতিন আমেরিকান পদ।

চেনা স্বাদ বদলাবে অথচ বাঙালি স্বাদকোরক যে ক্রিমের মতো ঘন গ্রেভিতে নরম চিংড়ির পরিচিত স্বাদ পেতে অভ্যস্ত, তারও অভাব হবে না।

মেক্সিকো, পুয়ের্তোরিকোর মতো এলাকায় চিংড়ির পদ রান্না করা হয় রসুন, লেবুর রস, সিলান্ট্রোর মতো মশলা দিয়ে। সেই সব উপকরণ দিয়েই খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন গার্লিক কোরিয়েন্ডার প্রন।

কী ভাবে বানাবেন?

উপকরণ: ১৫-২০টি মাঝারি মাপের চিংড়ি

৩০-৩৫ কোয়া রসুন

এক কাপ কুচোনো ধনেপাতা

আধ কাপ লেবুর রস

৫-৬ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

২ চা চামচ লঙ্কাবাটা (শুকনো লঙ্কা বা কাঁচালঙ্কা, পছন্দ অনুযায়ী)

১ চা চামচ গোলমরিচ থেঁতো করে গুঁড়োনো

১ চা চামচ অরিগ্যানো

স্বাদমতো নুন

প্রণালী: চিংড়ি ভাল করে ধুয়ে পরিষ্কার করে রাখুন।

এ বার প্যানে ২ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে রসুনগুলো ভেজে নিন চারপাশে হালকা লালচে ভাব এলে তুলে নিন।

একই তেলে আঁচ কমিয়ে চিংড়িগুলোও ভাজতে দিন। খুব বেশি ভাজা হবে না, কারণ বেশি ভাজলে চিংড়ি রবারের মতো শক্ত হয়ে যায়। তাই খুব অল্প নাড়াচাড়া করে কাঁচা ভাব কাটলেই আঁচ বন্ধ করে দিন।

মিক্সারের জারে ভেজে নেওয়া রসুন, ধনেপাতা, লেবুর রস, বাকি অলিভ অয়েল, লঙ্কাবাটা, অরিগ্যানো, থেঁতো করা গোলমরিচ, নুন দিয়ে ভাল করে ঘুরিয়ে নিন। তৈরি হয়ে যাবে গার্লিক কোরিয়েন্ডার সস।

এ বার ভেজে নেওয়া চিংড়ি সমেত প্যান আবার আঁচে বসিয়ে তার উপরে আগে থেকে সস ঢেলে দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে ফুটে উঠলেই তৈরি রান্না।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গার্লিক কোরিয়েন্ডার প্রন।

Prawn Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy