Advertisement
E-Paper

রুবি সন্দেশ থেকে মার্বেল ক্ষীর, সব্জি-মশলার রঙে রাঙিয়ে বানিয়ে ফেলুন দীপাবলির ৩ রঙিন মিষ্টি

দীপাবলিতে বাঙালি মিষ্টিমুখ করবেই। অন্য রকম কিছু খেতে ইচ্ছে হলে, দোকানের মতো রঙিন মিষ্টি বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। তাতে কৃত্রিম রং মেশানোর প্রয়োজনই হবে না। সব্জি, মশলার রঙে রাঙিয়েই তৈরি হয়ে যাবে ফিউশন মিষ্টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৮
Festive Radiance on a Plate, Vibrant, Natural and Fusion Diwali Sweets recipes

দীপাবলি স্পেশাল ৩ রঙিন মিষ্টির রেসিপি রইল। ছবি: এআই সহায়তায় তৈরি।

মিষ্টির দোকানের শো-কেসে থরে থরে সাজানো রঙিন মিষ্টি দেখলে লোভ হয়ই। দীপাবলি ও ভাইফোঁটার আগে এমন নানা ধরনের রঙিন মিষ্টি তৈরির ধুম পড়ে যায় দোকানগুলিতে। তবে সেইসব মিষ্টি খেতে সুস্বাদু হলেও ভয় থেকে যায় ফুড কালারের। কৃত্রিম রং মানেই তাতে রাসায়নিকের আধিক্য। কাজেই মিষ্টি খেতে মন চাইলে, দোকানের মতো রঙিন মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাতে কোনও কৃত্রিম রং মেশানোর প্রয়োজনই হবে না। নানা সব্জি ও মশলার রঙেই রঙিন হবে মিষ্টি। কেশর, বাদাম, ক্ষীর বা ছানার মিলমিশে স্বাদও হবে ভাল। খেয়ে খুশি হবেন অতিথিরাও।

রয়্যাল রুবি সন্দেশ

বিটের রসেই তৈরি হবে এই মিষ্টি। লাগবে ২ কাপের মতো ছানা, আধ কাপ চিনি, ২ চামচ টাটকা বিটের রস, এলাচগুঁড়ো ১ চা-চামচ, সাজানোর জন্য পেস্তাকুচি।

রয়্যাল রুবি সন্দেশ

রয়্যাল রুবি সন্দেশ

পদ্ধতি: প্রথমে ছানা ভাল করে মেখে নরম করে নিন। কড়ায় ছানা ও চিনি একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি শক্ত হয়। এ বার এতে বিটের রস মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন, যাতে সুন্দর গোলাপি বা রুবির মতো রং ধরে। ছানার পাক কড়া হলে এলাচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। হালকা ঠান্ডা হলে ছাঁচে ফেলে বা গোল পাকিয়ে পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পালংশাকের সবুজ মার্বেল ক্ষীর

দোকানের মতো সবুজ মিষ্টিই তৈরি হবে, তবে কোনও ফুড কালারের প্রয়োজন হবে না। পালংশাকের রসেই সবুজ রং ধরবে মিষ্টিতে। সঙ্গে লাগবে ফুল ক্রিম দুধ ১ লিটার, চালের গুঁড়ো বা সুজি ২ চামচ, ৩ চামচের মতো পালংশাকের রস, চিনি আধ কাপ, সাজানোর জন্য কাজু-পেস্তা-এলাচ।

পালংশাকের সবুজ মার্বেল ক্ষীর

পালংশাকের সবুজ মার্বেল ক্ষীর

পদ্ধতি: দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন। অল্প জলে চালের গুঁড়ো বা সুজি গুলে দুধে দিয়ে দিন যাতে ক্ষীর দ্রুত ঘন হয়। পালংশাক অল্প গরম জলে ভাপিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। দুধের মধ্যে চিনি ও পালংশাকের পেস্ট মিশিয়ে ৫-৭ মিনিট ফোটান। এতে দুধের রং সবুজ হবে। উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন।

কফি ব্রাউন চকোলেট ফিউশন বরফি

কোকো পাউডারের গুণেই খয়েরি রং হবে মিষ্টিতে। আলাদা করে কৃত্রিম রং মেশানোর প্রয়োজন হবে না। এই মিষ্টি বানাতে নিতে হবে ২ কাপের মতো কাজুবাদামের গুঁড়ো, ১ কাপ চিনি, আধ কাপ জল, ১ চামচ কোকো পাউডার, ১ চামচ কফি, ১ চামচ ঘি।

কফি ব্রাউন চকোলেট ফিউশন বরফি

কফি ব্রাউন চকোলেট ফিউশন বরফি

পদ্ধতি: জল ফুটিয়ে তাতে চিনি দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। চিনির সিরা তৈরি করে তাতে কাজুর গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি দুই ভাগে ভাগ করুন। এক ভাগে কোকো পাউডার ও কফি মিশিয়ে খয়েরি রং তৈরি করে নিন। এ বার একটি ছড়ানো পাত্রে তৈরি করা কাজুর গুঁড়োর মিশ্রণ ঢেলে দিন। তার উপরে খয়েরি রং ঢালুন। ঠান্ডা হয়ে জমে গেলে বরফির আকারে কেটে নিন। উপর থেকে আরও খানিকটা বাদামের গুঁড়ো, পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

Sweet Recipes Dessert Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy