চিংড়ির মালাইকারি মানেই নারকেলের দুধ? কিন্তু যদি নারকেল পেটে না সয়, জিভে না সয় বা ঘরেই না থাকে? সেক্ষেত্রে নারকেলের দুধ ছাড়াই রেঁধে ফেলতে পারেন চিংড়ির মালাইকারি। স্বাদে, ঘ্রাণে মাতোয়ারা পদ চেটেপুটে খাবেন বাড়ির সকলে। আসন্ন উৎসবে অতিথিদের জন্য সহজেই রান্না করতে পারেন এটি। রইল নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারির রেসিপি।
উপকরণ
১ কেজি গলদা চিংড়ি
দেড় চা-চামচ হলুদগুঁড়ো
২ চা-চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো
আধ চা-চামচ ধনেগুঁড়ো
২টি পেঁয়াজ (কুচোনো)
১ টেবিলচামচ সর্ষের দানা
৩ টেবিলচামচ পোস্তদানা
৫-৬টি কাজুবাদাম
৫-৬টি লবঙ্গ
১টি দারচিনি
৩টি এলাচ
২ টেবিলচামচ রসুনবাটা
দেড় টেবিলচামচ লঙ্কাবাটা
৫ চা-চামচ টক দই
আড়াই কাপ দুধ
দেড় কাপ জল
সর্ষের তেল
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
প্রণালী
গলদা চিংড়িগুলি ভাল করে পরিষ্কার করে সেগুলির ভিতরে একটি করে সরু কাঠি ঢুকিয়ে রাখতে হবে, যাতে রান্নার সময়ে ছোট হয়ে না যায় বা গুটিয়ে না যায়। তার পর সেটিকে নুন, অল্প সর্ষের তেল, আধ চা-চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো আর আধ চা-চামচ হলুদগুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন ১৫ মিনিটের জন্য।
অন্য দিকে মিক্সার গ্রাইন্ডারে সর্ষে, পোস্ত, কাজু আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন মালাইকারির মশলাটি।
কড়াইয়ে ১৫০ মিলিলিটার সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলি একে একে ভেজে নিন। এপিঠ-ওপিঠ করে ভাজা হয়ে গেলে মাছগুলি তুলে রেখে দিন পাশে।
সেই তেলেই এ বার গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েই তাতে পেঁয়াজকুচি ঢেলে ভাজতে থাকুন ২-৩ মিনিট ধরে।
পেঁয়াজে বাদামি রং ধরে এলেই রসুনবাটা, লঙ্কাবাটা দিয়ে মশলা কষাতে থাকুন মিনিট পাঁচেক। এর পর তাতে ১ চা-চামচ হলুদগুঁড়ো, দেড় চা-চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো, আধ চা-চামচ ধনেগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিন।
মশলা কষানোর পর তাতে বেটে রাখা সর্ষে, পোস্ত এবং কাজুর মিশ্রণ ঢেলে দিন। ঢিমে আঁচে বাকি মশলার সঙ্গে বাটামশলা মেশাতে হবে। ৩-৪ মিনিট পরে কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে।
এই ধাপে স্বাদমতো নুন, চিনি আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিন কড়াইয়ে। মশলা ভাল করে মেশানো হয়ে গেলে দুধ আর জল ঢেলে দিতে হবে।
আঁচ বাড়িয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে ঝোল। ফুটে গেলে মাঝারি আঁচে রেখে একে একে চিংড়িগুলি সাজিয়ে দিন কড়াইয়ে।
ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে উপরে এক চিমটে গরমমশলাগুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়িয়ে নিন।
পরিবেশন করুন গরম গরম।