রোগা হওয়ার জন্য কেউ শারীরচর্চার উপর ভরসা রাখেন, কেউ আবার পছন্দের সব খাবারের সঙ্গে একেবারে আড়ি করে দেন। কিন্তু এটি দীর্ঘমেয়াদি পর্ব। সুফল পেতে বেশ কিছুটা সময় লাগে। এই পর্বে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। চটজলদি রোগা হতে অনেকে আবার একেবারেই কার্বোহাইড্রেট খাওয়া ছেড়ে দেন, কেউ আবার সকাল থেকে রাত পর্যন্ত কেবল তরল খাবার খেয়ে থাকেন। আরও এক দল মানুষ দ্রুত মেদ ঝরাতে রাতের খাবার এড়িয়ে চলেন। তাঁদের ধারণা, রাতে না খেলেই বুঝি দ্রুত মেদ ঝরবে। পুষ্টিবিদেরা অবশ্য উল্টো কথা বলছেন। তাঁদের মতে, রোগা হওয়ার জন্য রাতে উপোস করে থাকা মোটেই স্বাস্থ্যকর নয়। এতে ওজন তো কমেই না, বরং বিভিন্ন শারীরিক অসুস্থতার শিকার হতে হয়। এর বদলে রাতে হালকা খাবার ঘুমোনোর ঘণ্টা তিনেক আগে খেয়ে নিতে পারলেই, বিপাকহার বাড়বে, সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। রোগা হতে রাতের খাবারে কী কী বিকল্প রাখতে পারেন, রইল হদিস।
রাগি স্যুপ: কুকারে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচালঙ্কাকুচি ভেজে নিন। একে একে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিন্স, কর্ন, মুরগির মাংসের কুচি দিয়ে নাড়াচাড়া করে নিন। নুন, ভিনিগার, গোলমরিচ মিশিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিন। কুকারে ভাল করে সেদ্ধ করে নিন। শেষে কুকারের ঢাকা খুলে রাগির গুঁড়ো জলে গুলে স্যুপে মিশিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাগি স্যুপ।
এগ র্যাপ: ফ্রায়িং প্যানে সামান্য তেল দিয়ে, রসুনকুচি দিয়ে নাড়াচাড়া করুন। এ বার লম্বা করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল আর হলুদ বেলপেপার, মাশরুম দিয়ে ভেজে নিন। মিনিট পাঁচেক পর নুন, গোলমরিচ আর সয়া সস্ দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। এ বার ৩টি ডিমের সাদা অংশে নুন আর গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ফ্রায়িং প্যানে ডিমের মিশ্রণ দিয়ে দিন। ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করুন। তার পর ঢাকা খুলে মাশরুমের মিশ্রণটি উপরে ছড়িয়ে দিয়ে অমলেটটি অর্ধেক করে ভাঁজ করে নিন। তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর এগ র্যাপ।
স্মোকি রেড হট চিকেন: মুরগির ৪টি ঠ্যাং নিয়ে তার সঙ্গে নুন, লেবুর রস, রসুনবাটা, শুকনোলঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টম্যাটো সস্, সয়া সস্ আর অল্প তেল দিয়ে মাখিয়ে ঘণ্টা দুয়েক রেখে নিন। এ বার ননস্টিক প্যানে কোনও রকম তেল না দিয়েই মাংসগুলি দিয়ে গ্যাস চালু করে দিন। মিনিট ১৫ ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে আঁচ বাড়িয়ে দিন। মাংসের গায়ে মশলা লেগে এলে গ্যাস বন্ধ করে দিন। রেট হট চিকেনের সঙ্গে সাঁতলানো সব্জি দিয়ে উপভোগ করুন রাতের স্বাস্থ্যকর ভোজ।