Advertisement
E-Paper

ভারতে খেলব, হঠাৎ বলে বসল আফগানিস্তান! নতুন জটিলতা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে, আলোচনা দুই দেশের মন্ত্রী পর্যায়ে

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে আফগানিস্তান। প্রায় একই সময়ে রয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ়। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর কার্যত বাতিল হয়ে যেতে বসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৫:০৫
Bangladesh supporters

ভারতের খেলা নিয়ে সংশয়। বাংলাদেশের সমর্থকদের জন্য কি হতাশই অপেক্ষা করছে? —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে, জানিয়ে দিল আফগানিস্তান। এর ফলে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর কার্যত বাতিল হয়ে যেতে বসেছে। ক্রিকেটের পরিধি ছাড়িয়ে এর আঁচ পড়তে পারে দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বুধবার সকালে জানিয়ে দিয়েছে, তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারতে। ম্যাচগুলি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ভারতীয় দলের ২৮ অগস্ট বাংলাদেশ যাওয়ার কথা। এক দিনের ম্যাচগুলি ১, ৩, ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলি ৯, ১২, ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা। অর্থাৎ, বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ একই দিনে। ফলে বাংলাদেশ সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

আফগানিস্তান বোর্ডের সিইও নাসিব খান বলেছেন, ‘‘এসিবি নিশ্চিত করছে যে, ভারতে আফগানিস্তান সিরিজ়টি আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিসিসিআই-এর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিরিজ়ের তারিখ ও স্থান চূড়ান্ত হয়েছে।’’

এই পরিস্থিতিতে বাংলাদেশ এখনও আশাবাদী যে, ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ় আয়োজন করা সম্ভব হবে। কারণ দুই দেশের মধ্যে ‘মন্ত্রী পর্যায়’-এ কথাবার্তা চলছে। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের মতে, বর্তমান অচলাবস্থা কাটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন।

হক বলেন, ‘‘মন্ত্রী পর্যায়ে এটা নিয়ে কথা চলছে। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ঘিরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা আমরা দ্রুত সমাধান করতে চাই। আমরা আশাবাদী যে খুব দ্রুতই এর সমাধান হবে। বর্তমান অনিশ্চয়তার পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে চাই। ভারতীয় হাইকমিশনার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গেও আজ কথা হয়েছে। ওঁরাও খুব আশাবাদী গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দ্রুত কেটে যাবে। বাংলাদেশ-ভারত সিরিজ সংক্রান্ত সমস্যার সমাধানও সম্ভব হবে।’’

২০২৫ সালের অগস্টে বাংলাদেশে এই সিরিজ় খেলার কথা ছিল ভারতের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় এবং দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজ়টি স্থগিত করা হয়। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে আসেনি।

BCCI Afghanistan Cricket BCB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy