Advertisement
E-Paper

এক দিনের বিশ্বকাপে খেলার টিকিট পেল আফগানিস্তান, সরাসরি যোগ্যতা অর্জন করবে আর একটিই দেশ, লড়াইয়ে দুই

গত বুধবার আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পেয়ে যায় আফগানিস্তান। কারণ ম্যাচ ভেস্তে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। আফগানদের প্রয়োজন ছিল একটি জয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৩:১৯
Picture of Cricket

রশিদ খান। — ফাইল চিত্র।

আগামী এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল আফগানিস্তান। আয়ারল্যান্ডকে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেললেন রশিদ খানেরা। যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে আইরিশদের।

গত বুধবার আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পেয়ে যায় আফগানিস্তান। কারণ ম্যাচ ভেস্তে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। তবে আফগানদের প্রয়োজন ছিল একটি জয়। শুক্রবার দ্বিতীয় এক দিনের ম্যাচে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেললেন আফগানেরা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে-সহ ক্রমতালিকার ভিত্তিতে ১০টি দেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব খেলে। এই মুহূর্তে আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় আফগানিস্তান রয়েছে অষ্টম স্থানে। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রথম নয় (যেহেতু ক্রমতালিকায় প্রথম ১০-এ নেই জ়িম্বাবোয়ে) দলের বাইরে চলে যাওয়ার আর সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত আফগানদের। অন্য দিকে, আয়ারল্যান্ড রয়েছে ক্রমতালিকায় ১২ নম্বরে। তাদের পক্ষে আর সেপ্টেম্বরের মধ্যে প্রথম নয়ের মধ্যে ঢোকা সম্ভব নয়। তাই আইরিশদের বিশ্বকাপের মূলপর্বে পৌঁছোতে হবে যোগ্যতা অর্জন পর্ব খেলে।

দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে ছাড়া সাতটি দেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হল। এই সাতটি দেশ হল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। অর্থাৎ ন’টি দেশ মূলপর্বে নিশ্চিত। আর একটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। একটি জায়গার জন্য লড়াই মূলত বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ়ের। এই দু’দেশ এখন ক্রমতালিকায় নয় এবং ১০ নম্বরে রয়েছে। জ়িম্বাবোয়ে রয়েছে ক্রমতালিকায় ১১ নম্বরে। অন্যতম আয়োজক হওয়ার সুবাদে তারা ১০ দলের মধ্যে জায়গা পেয়েছে।

আগামী এক দিনের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি। ফাইনাল ২৩ মার্চ। অন্যতম আয়োজক হলেও নামিবিয়াকে সরাসরি খেলার সুযোগ দেয়নি আইসিসি। তাদেরও যোগ্যতা অর্জন পর্ব খেলে আসতে হবে।

ICC ODI World Cup 2027 Afghanistan Bangladesh West Indies Ireland Rashid Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy