Advertisement
E-Paper

ভারতের মুখোমুখি হওয়ার আগে ধাক্কা নিউ জ়িল্যান্ড শিবিরে, শুটিংয়ে চোট, টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গেলেন রাচিন

একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন রাচিন রবীন্দ্র। ঝাঁপ দিয়ে ক্যাচ ধরার দৃশ্যে অভিনয় করার সময় বিপত্তি ঘটে। তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলেননি চিকিৎসকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩
Picture of Cricket

রাচিন রবীন্দ্র। — ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে রাচিন রবীন্দ্রকে পাবে না নিউ জ়িল্যান্ড। অক্রিকেটীয় কারণে গুরুত্বপূর্ণ চোট পেয়েছেন অলরাউন্ডার। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে দু’দেশের টি-টোয়েন্টি সিরিজ়।

অকল্যান্ডে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে রাচিনের ডান কাঁধের হাড় সরে গিয়েছে। ঝাঁপ দিয়ে ক্যাচ ধরার দৃশ্যে অভিনয় করার সময় বিপত্তি ঘটে। তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলেননি চিকিৎসকেরা। তবে চোট ঠিক হওয়ার পর রিহ্যাব করে খেলায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডারের। ফলে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর খেলার সম্ভাবনা নেই।

নিউ জ়িল্যান্ড দলের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, ‘‘রাচিনের আঘাতটা খুবই দুর্ভাগ্যজনক। এখন আমাদের অগ্রাধিকার হল ওর সম্পূর্ণ সুস্থতা এবং মাঠে ফিরে আসা। আমাদের খেলোয়াড়দের করা সমস্ত বাণিজ্যিক শুটিংয়ের মতোই, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ছিল। আগাম সব অনুমতিও নেওয়া ছিল। সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি ছিল। রাচিনের ঘটনাটি অপ্রত্যাশিত। ভবিষ্যতে আমাদের এই ধরনের শুটিংয়ের বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে।’’

নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘‘আগামী ছ’মাস আমাদের ঠাসা সূচি রয়েছে। কিছু টেস্ট ম্যাচ খেলতে হবে। আমরা তাড়াহুড়ো করে রাচিনকে মাঠে ফেরাতে চাই না। সম্পূর্ণ ফিট হয়ে ফিরুক। ওকে আমাদের প্রয়োজন। আমরা ওকে আবার দলে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করব।’’

জানা গিয়েছে, রাচিন ঝাঁপ দিয়ে মোটা গদির উপরে পড়েন। তা-ও কোনও ভাবে চোট পেয়েছেন। গত মাসে ইংল্যান্ড থেকে ‘দ্যা হান্ড্রেড’ খেলে দেশে ফিরেছেন রাচিন।

Rachin Ravindra Injury India Vs New Zealand T20I

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy