Advertisement
E-Paper

শনিবার রেকর্ডের মুখে দুই ভারতীয় ক্রিকেটার! নজিরের সামনে অধিনায়ক শ্রেয়স, ভুবনেশ্বরকে টপকে নতুন কীর্তি গড়ার সুযোগ অর্শদীপের

নিউ জ়িল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দু’টি ভারতীয় রেকর্ড হতে পারে। নজিরের সামনে রয়েছেন অর্শদীপ সিংহ এবং শ্রেয়স আয়ার। ভেঙে যেতে পারে ভুবনেশ্বর কুমার এবং রোহিত শর্মার রেকর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৪
Picture of Cricket

(বাঁ দিকে) শ্রেয়স আয়ার এবং অর্শদীপ সিংহ (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়তে পারেন অর্শদীপ সিংহ। নজির তৈরির জন্য জোরে বোলারের চাই আর দু’টি উইকেট। তা হলেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে উঠে আসবেন তিনি। নজিরের সামনে অধিনায়ক শ্রেয়স আয়ারও। তিনি ভেঙে দিতে পারেন রোহিত শর্মার একটি রেকর্ড।

চার বছর পর ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর তাঁর হাতছাড়া হতে পারে একটি রেকর্ড। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। গত চার বছর যা অক্ষত রয়েছে। ভুবনেশ্বরের সেই রেকর্ডই ভেঙে দিতে পারেন অর্শদীপ। ২০২৬ সালে এখনও পর্যন্ত ৩৬টি উইকেট নিয়েছেন বাঁহাতি জোরে বোলার। আর দু’টি উইকেট নিলেই চলতি ক্যালেন্ডার বছরে তাঁর উইকেট সংখ্যা হবে ৩৮টি। নতুন নজির গড়বেন অর্শদীপ।

২০২২ সালে ভুবনেশ্বর ৩৭টি উইকেট নিয়েছিলেন ৩২টি ম্যাচ খেলে। ২০২৬ সালে অর্শদীপ ৩৬টি উইকেট পেয়েছেন ২৮টি ম্যাচ খেলে। তবে এর চেয়ে ভাল পারফরম্যান্স রয়েছে অর্শদীপের নিজেরই। ২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ৩৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৫ সালে ২০ ম্যাচে ৩৬টি উইকেট নেওয়ার নজির রয়েছে বরুণ চক্রবর্তীরও। অর্শদীপ ২০২২ সালে ৩৩টি উইকেট নিয়েছিলেন ২১টি ম্যাচে।

অর্শদীপের মতোই শনিবারের ম্যাচে নজির গড়ার সুযোগ রয়েছে শ্রেয়সেরও। এক ক্যালেন্ডার বছরে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন রোহিতের। ২০২২ সালে ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৬৫৬ রান করেছিলেন রোহিত। চলতি বছরে এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে শ্রেয়স ২২টি ম্যাচে ৬৩২ রান করেছেন। রোহিতকে টপকে শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে শ্রেয়সের। তাঁর প্রয়োজন আর ২৫ রান। তা হলেই এক ক্যালেন্ডার বছরে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ড গড়বেন শ্রেয়স।

এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের বাবর আজ়মের। ২০২১ সালে ২৯টি ম্যাচে ৯৩৯ রান করেছিলেন বাবর। তাই শনিবার দু’টি নতুন ভারতীয় রেকর্ড গড়তে পারেন অর্শদীপ এবং শ্রেয়স।

India Vs New Zealand T20I Records Arshdeep Singh Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy