Advertisement
E-Paper

উত্তরাঞ্চলের দলীপ ট্রফি দলে অর্শদীপ, জায়গা হল না অভিষেক-প্রভশিমরনের, উপেক্ষিত গত বারের রঞ্জিজয়ী অধিনায়কও!

জম্মু-কাশ্মীরের কানহাইয়া ওয়াধাওয়ানের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছেন উত্তরাঞ্চলের নির্বাচকেরা। মূলত তরুণদের নিয়ে দল তৈরি করা হলেও জায়গা হয়নি অভিষেক শর্মা এবং প্রভশিমরন সিংহের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ২০:৩৫
Picture of Cricket

(বাঁ দিকে) অর্শদীপ সিংহ এবং অভিষেক শর্মা (ডান দিকে)। ছবি: এক্স।

এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি অর্শদীপ সিংহের। দেশের হয়ে মূলত টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন পঞ্জাবের বাঁ হাতি জোরে বোলার। তা-ও তাঁকে রাখা হল উত্তরাঞ্চলের দলীপ ট্রফির দলে। ভারতের টি-টোয়েন্টি দলের আর এক সদস্য অভিষেক শর্মার অবশ্য জায়গা হল না। রঞ্জি ট্রফিজয়ী জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরশ দোগরাকেও দলে রাখা হয়নি।

২৭ বছরের অর্শদীপ এখনও পর্যন্ত ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ঘরোয়া লাল বলের ক্রিকেটেও নিয়মিত সুযোগ পান না পঞ্জাব দলে। অথচ দলীপ ট্রফির উত্তরাঞ্চল দলে তাঁকে রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরের কানহাইয়া ওয়াধাওয়ানের নেতৃত্বে ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে অর্শদীপের নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ়ের দলে ছিলেন অর্শদীপ। যদিও খেলার সুযোগ পাননি। মনে করা হচ্ছে, অর্শদীপকে এ বার টেস্টে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। সে কারণেই ঘরোয়া লাল বলের ক্রিকেটের দলেও তাঁকে রাখা হয়েছে। হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপের চোট রয়েছে। টেস্ট দল বাছতে সমস্যায় পড়ছেন অজিত আগরকরেরা। সম্ভবত সে কারণে আরও বিকল্প তৈরির চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত অর্শদীপকে টেস্টের জন্য তৈরি রাখতেই দলীপে খেলানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অর্শদীপ দলীপের দলে থাকলেও জায়গা হয়নি অভিষেকের। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যকে এখনও টেস্টের জন্য ভাবছেন না আগরকরেরা। জায়গা হয়নি আইপিএলে নজরকাড়া প্রভশিমরন সিংহেরও। ২০২৪ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি অভিষেক। সামনের এক মাস ভারতের কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই মনে করা হয়েছিল, অভিষেকও দলীপ খেলবেন। মূলত ভারতের হয়ে খেলার জন্যই গত দু’মরসুম রঞ্জি ট্রফি খেলতে পারেননি অভিষেক। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৭১ রান রয়েছে অভিষেকের। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর।

গত মরসুমে রঞ্জি ট্রফির পাঁচটি ম্যাচ খেলে ১৬৬ রান করেছিলেন প্রভশিমরন। ২০২৩ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী দলে ছিলেন প্রভশিমরন। গত জ়িম্বাবোয়ে সফরেও ছিলেন শ্রেয়স আয়ারের দলে। যদিও এখনও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তিনিও সুযোগ পাননি দলীপের দলে।

গত মরসুমের রঞ্জি অধিনায়ক দোগরাও জায়গা পাননি উত্তরাঞ্চলের দলীপ ট্রফি দলে। সম্ভবত বয়সের কারণে তাঁকে বিবেচনা করা হয়নি। ৪১ বছরের দোগরার ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলের নির্বাচকেরা এমন ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছেন, যাঁদের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় জায়গা হয়নি অভিষেক, প্রভশিমরনের।

উত্তরাঞ্চল দল: কানহাইয়া ওয়াধাওয়ান (অধিনায়ক), আয়ুষ বাদোনি (সহ-অধিনায়ক), সনৎ সাঙ্গওয়ান, কামরান ইকবাল, যশ ঢুল, আয়ুষ দোসেজা, আবদুল সামাদ, নিশান্ত সিন্ধু, অর্জুন শর্মা, আবিদ মুস্তাক, অর্শদীপ সিংহ, সুনীল কুমার, অনশুল কম্বোজ, যুধবীর সিংহ, নিখিল কাশ্যপ।

Duleep Trophy Arshdeep Singh Abhishek Sharma Prabhsimran Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy