Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে হাঁটুর চোটে ভুগছেন বুমরাহ, আর ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা, স্থায়ী সমাধান চাইছেন কর্তারাও

ইংল্যান্ডে জসপ্রীত বুমরাহের হাঁটু যতটা ফুলে গিয়েছিল, তা আশা করেননি ভারতীয় বোর্ডের চিকিৎসকেরা। পরিস্থিতি সামলাতে ইংল্যান্ডেই বুমরাহের হাঁটুতে ইঞ্জেকশন দেন ভারতীয় দলের চিকিৎসক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১৭:৪৯
Picture of Cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

ফিটনেস পরীক্ষায় পাশ করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহের। বল করতে সমস্যা না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা ঝুঁকি নিতে চাইছেন না। তাঁরা মনে করছেন, এখনই টেস্ট ক্রিকেট খেললে বুমরাহের চোট আরও গুরুতর হতে পারে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাহকে না খেলানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বুমরাহ বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। আইপিএলের প্রথম দিকে খেলতে পারেননি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর আইপিএল খেলার ছাড়পত্র পান। আইপিএলে ১৩টি ম্যাচ খেললেও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। সেরা ফর্মে পাওয়া যায়নি তাঁকে। আইপিএলের পর কিছু দিন বিশ্রাম নিয়ে ইংল্যান্ড সফরে যান। কার্ডিফে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় আবার নতুন করে বাঁ হাঁটুতে চোট পান। তাঁর হাঁটু ফুলে যায়। লর্ডসে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি।

আশা করা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না বুমরাহের। ফিটনেস পরীক্ষাতেও পাশ করেন। তবু তাঁকে এখনই খেলতে দিতে চান না বিসিসিআইয়ের চিকিৎসকেরা। ইংল্যান্ডে বুমরাহের হাঁটু যতটা ফুলে গিয়েছিল, তা আশা করেননি বোর্ডের চিকিৎসকেরা। পরিস্থিতি সামলাতে ইংল্যান্ডেই বুমরাহের হাঁটুতে ইঞ্জেকশন দেন ভারতীয় দলের চিকিৎসক। বেঙ্গালুরুতে বুমরাহের চোট পরীক্ষা করার পর চিকিৎসকেরা মনে করছেন, বুমরাহের চোট সম্পূর্ণ সারতে অন্তত আরও ১৫ দিন সময় লাগবে। এখনই টেস্ট খেললে সমস্যা বাড়তে পারে। চোট গুরুতর হয়ে যেতে পারে। তাতে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। তাই ঝুঁকি না নিয়ে বুমরাহের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একই সঙ্গে যতটা সম্ভব বিশ্রামে রাখা হবে জোরে বোলারকে।

আরও একটি কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বুমরাহকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শ্রীলঙ্কায় স্পিন সহায়ক পিচে খেলতে হবে। জোরে বোলারদের পক্ষে অনুকূল পরিস্থিতি থাকবে না। তাতে শারীরিক ধকল বাড়বে। ভবিষ্যতের স্বার্থে বুমরাহকে বাড়তি ধকল দিতে নারাজ বোর্ডের চিকিৎসকেরা। তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন আগামী বর্ডার-গাওস্কর ট্রফি এবং এক দিনের বিশ্বকাপকে। বিসিসিআইয়ের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘চিকিৎসকেরা বুমরাহের জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন, তাতে ১৫ অগস্ট পর্যন্ত ওর পক্ষে খেলা সম্ভব নয়। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারবে না। একটা টেস্টের জন্য বুমরাহকে পাঠানোর মানে হয় না। তা ছাড়া সাময়িক সমাধানের কথা আর ভাবা হচ্ছে না। যে কোনও ক্রিকেটারের চোটের ক্ষেত্রেই স্থায়ী সমাধান চাইছি আমরা।’’

ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যা যে ভাবে বেড়ে চলেছে, তাতে উদ্বিগ্ন বোর্ড কর্তারা। বিষয়টি নিয়ে কোচ গৌতম গম্ভীর এবং অন্য সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলতে চান বিসিসিআই কর্তারা।

BCCI Jasprit Bumrah Injury

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy