ভারতীয় দল গিয়েছে নিউ জ়িল্যান্ড সফরে। টি-টোয়েন্টি সিরিজ়ের পর রয়েছে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়। তার পর দু’টেস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ়। এর মধ্যেই নতুন জল্পনা তৈরি হল কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। আইপিএলের চারটি দল তাঁকে কোচ হিসেবে পেতে চাইছে। একটি দলের সঙ্গে কথাবার্তা বলতেও শুরু করেছেন ভারতীয় দলের কোচ।
এক দিনের বিশ্বকাপের এক বছরও বাকি নেই। ২০২৮ সালের অলিম্পিক্সেও হবে ক্রিকেট। এই দুই প্রতিযোগিতার কথা মাথায় রেখে সেরা ভারতীয় দল তৈরির প্রক্রিয়া চলছে। এই সময় গম্ভীর দায়িত্ব ছেড়ে দিলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যেই আইপিএলের চারটি দল গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে। একটি দলের কর্তৃপক্ষের সঙ্গে কিছু কথাবার্তাও বলেছেন ভারতীয় দলের কোচ।
রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর ভারতীয় দলের কোচ হন গম্ভীর। ২০২৪ সালে তিনি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন। তার আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন। তাঁর সময় লখনউ এবং কলকাতা দু’দলই সাফল্য পেয়েছিল। গম্ভীরের কোচিংয়ে ভারতের টি-টোয়েন্টি দলও ধারাবাহিক ভাবে সাফল্য পাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর চাহিদা বাড়ছে আইপিএলের দলগুলির মধ্যে।
তবে এখনই গম্ভীরকে আইপিএলে দেখতে পাওয়ার সম্ভবনা নেই। ২০২৮ সালের আইপিএলের আগে গম্ভীরকে কোচ করতে চায় দলগুলি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গম্ভীরের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলে অবশ্য আইপিএলের দলগুলিকে আরও অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, গম্ভীরকে কোচ হিসেবে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কেকেআর এবং রাজস্থান রয়্যালস। কেকেআর কর্ণধার শাহরুখ খান তাঁর দলের দরজা প্রথম থেকেই খুলে রেখেছেন গম্ভীরের জন্য। দেশের স্বার্থে তিনি গম্ভীরকে ছেড়ে দিয়েছিলেন। তা ছাড়া কেকেআরের সঙ্গে গম্ভীরের সম্পর্ক বেশ পুরনো। কেকেআরের অধিনায়ক হিসেবে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন গম্ভীর। অন্য দিকে, রাজস্থান কর্তৃপক্ষ ইতিমধ্যেই গম্ভীরের সঙ্গে প্রাথমিক কথা বলে ফেলেছেন। ভারতীয় দলের কোচও বিভিন্ন সম্ভাবনা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন:
কেকেআর, রাজস্থান ছাড়া আরও দু’টি দল নাকি গম্ভীরকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। গম্ভীর অবশ্য কাউকেই কোনও কথা দেননি। আপাতত তাঁর ভাবনায় শুধুই ভারতীয় দল। আইপিএল নিয়ে এখন ভাবতে তিনি নারাজ। উপযুক্ত সময়ে কথা বলতে চান। কোনও পক্ষই অবশ্য এ নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ গম্ভীর।