Advertisement
E-Paper

আল নাসেরের হয়ে ১৫ মিনিটে হ্যাটট্রিক রোনাল্ডোর! ১০০০ গোলের থেকে আর ১৫ গোল দূরে পর্তুগালের ফুটবলার

২০২৪ সালের ৪ মের পর আবার হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগেরটিও করেছিলেন আল নাসেরের জার্সি গায়ে। সৌদি আরবের ক্লাবের হয়ে সপ্তম এবং পেশাদার ফুটবলে ৬৭তম হ্যাটট্রিক করলেন সিআর সেভেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৩:১৭
Picture of Football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

সৌদি প্রো লিগের ম্যাচে হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর তিনটি গোলের একটি এল দুরন্ত ফ্রিকিক থেকে। পেশাদার ফুটবলে ৯৮৫টি গোল হয়ে গেল পর্তুগিজ তারকার। তাঁর দাপটে আল খোলুদকে ৫-৩ ব্যবধানে হারাল আল নাসের।

১০০০ গোলের মাইলফলকের দিকে আরও এগিয়ে গেলেন রোনাল্ডো। সৌদি প্রো লিগের ম্যাচে ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে আল নাসেরকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। ম্যাচের ১৬ মিনিটে গোল করে আল খোলুদকে এগিয়ে দেন জুলিয়েন ডমিনগেজ। পিছিয়ে পড়ার পর ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আল নাসের। ২৪ মিনিটে গোল করে সমতা ফেরান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৩৮ মিনিটে রোনাল্ডোরা এগিয়ে যান সাদিয়ো মানের গোলে। আবার প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে খোলুদকে সমতায় ফেরান অ্যান্তোইন এসোম্বা।

দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনাল্ডোর ম্যাজিক। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে সহজে পা ছুঁইয়ে প্রথম গোল করেন রোনাল্ডো। এর পর ৭২ এবং ৮১ মিনিটে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রোনাল্ডো। ১৫ মিনিটের মধ্যে দলকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেন সিআর সেভেন। এই দু’টি গোলের ক্ষেত্রেই তাঁকে বল সাজিয়ে দেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। নিজে গোল না পেলেও আল নাসেরের চারটি গোলের ক্ষেত্রে ফেলিক্সের অবদান রয়েছে। রোনাল্ডোর ঝড়ের পর আর খোলুদের জয়ের আশা ছিল না। খেলা শেষ হওয়ার সামান্য আগে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে স্কোর লাইন ৩-৫ করেন ডমিনগেজ।

পেশাদার ফুটবলে ৯৮৫টি গোল হয়ে যাওয়ায় ১০০০ গোলের মাইলফলক থেকে ১৫টি গোল দূরে থাকলেন রোনাল্ডো। ২০২৪ সালের ৪ মের পর আবার হ্যাটট্রিক করলেন। আগেরটিও করেছিলেন আল নাসেরের জার্সি গায়ে। সৌদি আরবের ক্লাবের হয়ে সপ্তম এবং পেশাদার ফুটবলে ৬৭তম হ্যাটট্রিক করলেন। চলতি মরসুমে আল নাসেরের হয়ে ১২ ম্যাচে ৯টি গোল হয়ে গেল তাঁর। সৌদি প্রো লিগেই করলেন ৮টি গোল।

Cristiano Ronaldo Hat-Trick Al Nassr Portugal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy