ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি ভাবে জানিয়ে দিল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। দু’টেস্টের সিরিজ়কে গুরুত্ব দিয়েই প্রসিদ্ধকে বিশ্রাম দেওয়া হচ্ছে। একই কারণে ভারত ‘এ’ দলের হয়ে দুই জোরে বোলারকে বেসরকারি টেস্টে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
প্রসিদ্ধকে এক দিনের সিরিজ়ে পাওয়া যাবে না, তা আগেই জানা গিয়েছিল। হ্যামস্ট্রিংয়ের চোট ঠিক হয়ে গেলেও এখনও খেলার মতো অবস্থায় আসেননি তিনি। ম্যাচ খেলার ধকল নিতে পারছেন কিনা, তা ১ নভেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পরীক্ষা করে দেখা হবে। সব ঠিক থাকলে ২ নভেম্বর ফিটনেস পরীক্ষা দেবেন প্রসিদ্ধ। দুই পরীক্ষার ফল দেখার পর বোর্ডের চিকিৎসকেরা জানাবেন, প্রসিদ্ধ কবে থেকে ম্যাচ খেলতে পারবেন। আশা করা হচ্ছে, ভারত ‘এ’ দলের হয়ে তৃতীয় বেসরকারি টেস্টে খেলতে পারবেন প্রসিদ্ধ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তাঁকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাইছেন গৌতম গম্ভীর।
অন্য দিকে, টেস্ট সিরিজ়ের প্রস্তুতি এবং নিউ জ়িল্যান্ডের পিচ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডিকে বেসরকারি টেস্টে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। সমাজমাধ্যমে বিসিসিআই জানিয়েছে, নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে খেল খেলবেন সিরাজ। নীতীশকে খেলানো হবে তৃতীয় বেসরকারি টেস্টে। নীতীশকে পুরো এক দিনের সিরিজ়েও খেলানো হবে না। শুধু প্রথম এক দিনের ম্যাচের দলে রাখা হয়েছে তাঁকে। তার পর তিনি টেস্ট সিরিজ়ের প্রস্তুতি শুরু করবেন। ‘এ’ দলের অধিনায়ক ধ্রুব জুরেল তৃতীয় বেসরকারি টেস্টের পর ভারতীয় টেস্ট দলে যোগ দেবেন।
আরও পড়ুন:
প্রসিদ্ধের পরিবর্তে চতুর্থ এবং পঞ্চম এক দিনের ম্যাচের দলে নেওয়া হয়েছে আকিব নবিকে। এই দুই ম্যাচে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। শেষ দু’টি ম্যাচ খেলবেন না শুভমন গিল, লোকেশ রাহুল।