Advertisement
E-Paper

অধিনায়ক বাভুমার প্রথম টেস্ট হার! ডারবানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতে টেস্ট বিশ্বকাপের দৌড়ে শুভমনদের সুবিধা করে দিলেন কামিন্সেরা

টেম্বা বাভুমার নেতৃত্বে প্রথম টেস্ট হারল সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাছে বাভুমাদের হারে সুবিধা হল শুভমন গিলদের। টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট শতাংশের ব্যবধান কমল ভারতের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ২০:০৭
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্ট হেরে চাপে পড়ে গেল সাউথ আফ্রিকা। টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে পিছিয়ে পড়লেন টেম্বা বাভুমারা। ডারবান টেস্টে প্যাট কামিন্সেরা জিতলেন ২১৪ রানে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে সাউথ আফ্রিকার দরকার ছিল ৪২১ রান। কিন্তু ঘরের মাঠে বাভুমাদের ইনিংস শেষ হয় ২০৬ রানে। উল্লেখ্য, বাভুমার নেতৃত্বে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ হারল সাউথ আফ্রিকা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৯০ রান করার পর প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২৮৪ রান। ১০৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। ৬ উইকেটে ৩১৪ রান ওঠার পর ডিক্লেয়ার করেন কামিন্স। তাতে জয়ের জন্য বাভুমাদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪২১। কিন্তু ঘরের চেনা মাঠে প্রত্যাশা মতো ব্যাট করতে পারলেন না সাউথ আফ্রিকার ব্যাটারেরা। রায়ান রিকলটন (২), বাভুমা (১), ট্রিস্টান স্টাবস (১), কাইল ভেরেইনেরা (১) ২২ গজে দাঁড়াতেই পারলেন না অস্ট্রেলীয় বোলিং আক্রমণের সামনে। লড়াই করলেন শুধু এডেন মার্করাম (৭৫), ডেভিড বেডিংহ্যাম (৪৬), উইয়ান মুলডার (২৯) এবং মার্কো জানসেন (৩৫)। কিন্তু তাঁদের লড়াই সাউথ আফ্রিকার হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।

প্রোটিয়া ব্যাটারদের সামনে সবচেয়ে সমস্যায় ফেলেন জশ হেজ়লউড। ৪৯ রানে ৬ উইকেট নিলেন তিনি। ৩০ রানে ২ উইকেট ম্যাট রেনশয়ের। ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং কামিন্স।

এই হারে টেস্ট অধিনায়ক হিসেবে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া করলেন বাভুমা। অধিনায়ক হিসেবে ১৩তম টেস্টে প্রথম হারলেন তিনি। এখনও পর্যন্ত সাউথ আফিকাকে ১৩টি টেস্টে নেতৃত্ব দিয়ে বাভুমা জিতেছেন ১১টি টেস্ট। ড্র এবং হার একটি করে। তিন টেস্টের সিরিজ়েও ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল আয়োজকেরা।

ডারবান টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। ১১টি টেস্ট খেলার পর কামিন্সদের পয়েন্ট শতাংশ ৮১.৮২। হেরে তৃতীয় স্থানে নেমে গিয়েছে সাউথ আফ্রিকা। পাঁচটি টেস্টের পর বাভুমাদের পয়েন্ট শতাংশ ৬০। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্টের পর কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২। চতুর্থ স্থানে বাংলাদেশ। ছ’টি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শুভমন গিলেরা। ১১টি টেস্টের পর ভারতের পয়েন্ট শতাংশ ৫১.৫২। অর্থাৎ সাউথ আফ্রিকার হারে পয়েন্ট শতাংশের ব্যবধান কমায় সুবিধা হল শুভমনদের।

পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। ১৬টি টেস্ট খেলে জো রুটদের পয়েন্ট শতাংশ ৩৮.৫৪। সপ্তম শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। তারা খেলেছে ছ’টি টেস্ট। আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ১২ টেস্ট খেলে ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ২০.৮৩। সকলের শেষে পাকিস্তান। ন’টি টেস্টের পর বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ৪.৬৩। উল্লেখ্য, শেষ চারটি দেশের ফাইনালে ওঠার কোনও সুযোগ নেই।

test cricket WTC 2025-27 Shubman Gill Temba Bavuma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy