Advertisement
E-Paper

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলাদেশের লিটনের, ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন উইকেটরক্ষক-ব্যাটার

আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বিশ্বরেকর্ড করলেন লিটন দাস। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের করা ১৯৬৬ সালের একটি রেকর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৭:৩৪
Picture of Cricket

লিটন দাস। ছবি: এক্স।

টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন লিটন দাস। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসে শতরান করেন। একই সঙ্গে উইকেটরক্ষক হিসেবে ন’টি আউটের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন লিটন। বিশ্বের প্রথম উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

ইবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলের ক্যাচ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন লিটন। আফগানিস্তানের প্রথম ইনিংসে চারটি ক্যাচ ধরেন লিটন। একটি স্টাম্পড আউট করেন। আফগানদের দ্বিতীয় ইনিংসেও চারটি ক্যাচ নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৫৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে একটি টেস্টের দু’ইনিংসেই ৫০ রানের বেশি করার পাশাপাশি ন’জন ব্যাটারকে আউট করেছেন।

লিটন ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেনিস লিন্ডসের নজির। তিনি ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে দু’ইনিংসে ৫০ রানের বেশি করার পাশাপাশি আট জন ব্যাটারকে আউট করেছিলেন। প্রথম ইনিংসে ৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছ’টি এবং দ্বিতীয় ইনিংসে দু’টি ক্যাচ নিয়েছিলেন।

একটি টেস্টে সবচেয়ে বেশি ব্যাটারকে আউট করার নজির যৌথ ভাবে রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং ভারতের ঋষভ পন্থের। তাঁরা একটি টেস্টে ১১জন ব্যাটারকে আউট করেছেন। তবে উইকেটরক্ষার পাশাপাশি ব্যাট হাতে এমন সাফল্য কোনও একটি টেস্টে তাঁদের নেই।

Litton Das Bangladesh world record test cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy