ভারতীয় দলের ক্রিকেটারেরা কে কোন ফরম্যাটে খেলছেন এবং কেমন পারফর্ম করেছেন তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হত। এ বার থেকে আর তা হবে না। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে নতুন একটি বিষয় মানতে হবে। এ রকমই নির্দেশিকা দিতে চলেছে বোর্ড।
‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, আগামী মরসুমে কোন ক্রিকেটারকে ক’টি ম্যাচে পাওয়া যাবে তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় চুক্তি তৈরি হবে। সর্বনিম্ন ম্যাচ খেলার সংখ্যা পূরণ করতে না পারলে ওই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হবে না। বোর্ডের অন্দরে এই বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রস্তাবিত পদ্ধতি অনুসারে, আগামী মরসুমে কোন ক্রিকেটার ক’টি ম্যাচ খেলতে পারেন তার একটি তালিকা তৈরি করা হবে। মোট ম্যাচের একটি নির্দিষ্ট শতাংশ খেলতেই হবে ওই ক্রিকেটার। ঠিক কত শতাংশ ম্যাচ খেলতে হবে তা এখনও জানা যায়নি। তবে সেই যোগ্যতামান পূরণ করতে না পারলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলবে না।
সাম্প্রতিক কালে একাধিক ভারতীয় ক্রিকেটার চোটের কারণে খেলতে পারেননি। কিন্তু তাঁরা কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। যাঁরা সেই জায়গাগুলিতে খেলেছেন তাঁরা এখনও কেন্দ্রীয় চুক্তিতে নেই। এই বিষয়টিই ভাবাচ্ছে বোর্ডকে। কর্তারা ঠিক করেছেন, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিজেদের ফিট রাখতে হবে এবং যত বেশি সংখ্যক ম্যাচে সম্ভব খেলতে হবে। পারফরম্যান্সের পাশাপাশি তিনি কতগুলি ম্যাচে খেলতে পারবেন সেটিও চুক্তি তৈরির আগে দেখা হবে।
আরও পড়ুন:
তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কোনও নির্দেশিকা জারি হয়নি। বোর্ডের এক সূত্র বলেছেন, “একটা ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরের বার কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির আগে ক্রিকেটারদের কতটা পাওয়া যাবে সে দিকে খেয়াল রাখা হবে। তার পরে গোটা বিষয়টা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় চুক্তিতে এলে একজন ক্রিকেটারকে ন্যূনতম সংখ্যক ম্যাচে খেলতেই হবে।”