Advertisement
E-Paper

রোহিতের অবসর নিয়ে আচমকা শোরগোলে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড! আগরকরদের কড়া নির্দেশ দিল বিসিসিআই

ইংল্যান্ড সিরিজ়ের মাঝে হঠাৎই রোহিত শর্মার অবসর নিয়ে আলোচনা শুরু হয়। জানা যায়, এটাই রোহিতের শেষ সিরিজ়। সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২০:২৬
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মাকে নিয়ে আচমকা শুরু হওয়া শোরগোলে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচকদের উপর ক্ষুব্ধ তারা। এই ধরনের খবর কী ভাবে বাইরে এল, তা বুঝতে পারছে না বোর্ড। সেই কারণে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে কড়া নির্দেশ দিয়েছে বোর্ড।

ইংল্যান্ড সিরিজ়ের মাঝে হঠাৎই রোহিতের অবসর নিয়ে আলোচনা শুরু হয়। জানা যায়, এটাই রোহিতের শেষ সিরিজ়। সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।

এ বার জানা গিয়েছে, বোর্ড নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে নির্বাচকদের। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, নির্বাচকদের নির্দেশ দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের সামনে তাঁরা যেন কিছু না বলেন। প্রধান নির্বাচক আগরকর ও তাঁর দুই সহকারী রুদ্রপ্রতাপ সিংহ ও প্রজ্ঞান ওঝাকে এই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের পরেই আগরকরেরা স্পষ্ট করে রোহিতকে জানিয়ে দেন, তাঁকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। ইংল্যান্ড সিরিজ়ই শেষ। কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতেই বার্তা দেওয়া হয়েছিল রোহিতকে। আকস্মিক এমন বার্তা পাওয়ায় অপমানিত রোহিত যোগাযোগ করেন বোর্ডকর্তাদের সঙ্গে। প্রথমে বোর্ডকর্তাদের একাংশও বিশেষ আমল দেননি। কিন্তু বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা।

শইকীয়া নিজে রোহিতের অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি। ভারতের এক দিনের দলের নিয়মিত সদস্য রোহিত। যত দিন ও পরিকল্পনার মধ্যে রয়েছে, তত দিন দেশের হয়ে খেলে যাবে। এটুকু বলতে পারি লর্ডসে ও শেষ ম্যাচ খেলতে নামবে না।’’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। দেশের হয়ে শুধু এক দিনের ম্যাচ খেলেন। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে কিছু দিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না প্রাক্তন অধিনায়ককে। নির্বাচকেরা চাইছেন বিশ্বকাপের জন্য এখন থেকে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ওপেনারকে তৈরি করতে। সম্ভবত সে কারণেই রোহিতকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, দলে থাকলে রোহিতকে বসিয়ে রেখে যশস্বীকে খেলানো কঠিন। তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। তা কিন্তু এখনও কমেনি। বরং বেড়েই চলেছে।

Rohit Sharma India Cricket BCCI Ajit Agarkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy