Advertisement
E-Paper

রোহিতের অবসর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড, প্রাক্তন অধিনায়ক দেশের হয়ে আরও খেলবেন বলেও সংশয় জিইয়ে রাখলেন সচিব শইকীয়া

ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের পরই অজিত আগরকরেরা স্পষ্ট করে রোহিত শর্মাকে জানিয়ে দেন, তাঁকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। ইংল্যান্ড সিরিজ়ই শেষ। সে সময় ছিলেন কোচ গৌতম গম্ভীরও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১২:২৭
Picture of Cricket

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

জাতীয় নির্বাচকদের অবসরের বার্তা মেনে নিতে পারেননি রোহিত শর্মা। সরাসরি নালিশ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের। তাতেই সম্ভবত কাজ হয়েছে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেই শেষ হচ্ছে না রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটজীবন। আগামী দিনেও দেশের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন অধিনায়ক। যদিও সংশয় থেকেই গিয়েছে।

ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের পরই অজিত আগরকরেরা স্পষ্ট করে রোহিতকে জানিয়ে দেন, তাঁকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। ইংল্যান্ড সিরিজ়ই শেষ। কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতেই বার্তা দেওয়া হয়েছিল রোহিতকে। আকস্মিক এমন বার্তা অপমানিত রোহিত যোগাযোগ করেন বোর্ড কর্তাদের সঙ্গে। প্রথমে বোর্ডকর্তাদের একাংশও বিশেষ আমল দেননি। কিন্তু বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা।

শইকীয়া নিজে রোহিতের অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি। ভারতের এক দিনের দলের নিয়মিত সদস্য রোহিত। যত দিন ও পরিকল্পনার মধ্যে রয়েছে, তত দিন দেশের হয়ে খেলে যাবে। এটুকু বলতে পারি লর্ডসে ও শেষ ম্যাচ খেলতে নামবে না।’’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। দেশের হয়ে শুধু এক দিনের ম্যাচ খেলেন। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। তবে কিছু দিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না প্রাক্তন অধিনায়ককে। নির্বাচকেরা চাইছেন বিশ্বকাপের জন্য এখন থেকে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ওপেনারকে তৈরি করতে। সম্ভবত সে কারণেই রোহিতকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, দলে থাকলে রোহিতকে বসিয়ে রেখে যশস্বীকে খেলানো কঠিন।

ভারতীয় শিবিরের খবর বাইরে আসার পর থেকেই শুরু হয় রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা। বোর্ডের শীর্ষকর্তাদের হস্তক্ষেপে আপাতত সেই জল্পনার অবসান হলেও সংশয় কিছুটা থাকলই। কারণ শইকীয়া বলেছেন, রোহিত যত দিন পরিকল্পনার মধ্যে থাকবেন, তত দিন খেলবেন। পরিকল্পনার মধ্যে তাঁকে কত দিন রাখা হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

BCCI Rohit Sharma ODI retirement Devajit Saikia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy