ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর রাজনৈতিক ব্যানার প্রদর্শন করে বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ওই ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ আমেরিকা। ফকল্যান্ডের দাবি নিয়ে আর্জেন্টিনীয় ফুটবলারদের ওই উল্লাস ভাল ভাবে নেয়নি ফিফাও। আর্জেন্টিনার প্রেসিডেন্ট অবশ্য ফুটবলারদের পাশেই দাঁড়িয়েছেন।
আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর গ্যালারি থেকে সমর্থকদের ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। তাতে স্পেনীয় ভাষায় জ্বলজ্বল করছিল চারটি শব্দ। সেগুলি হল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’। অর্থাৎ ‘মালভিনাস আমাদেরই’। ফকল্যান্ডকে এই নামেই ডেকে থাকেন সেখানকার বাসিন্দারা। প্রথমে ব্যানারটি ছিল জিয়োভানি লো সেলসোর হাতে। পরে এসে ব্যানারের আরেক প্রান্ত ধরেন লিসান্দ্রো মার্তিনেজ়। ছিলেন নিকোলাস ওটামেন্ডিও। পরে লিয়োনেল মেসি-সহ গোটা আর্জেন্টিনা দলই উল্লাসে যোগ দেয়।
বিশ্বকাপে এমন বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শনে অসন্তুষ্ট ফিফা কর্তারা। ঘটনাটিকে লঘু করেও দেখতে চাইছেন না তাঁরা। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি ওই ম্যাচের বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখছে। ফিফার শৃঙ্খলাবিধির উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করার আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে।’’ উল্লেখ্য, আগেই ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ করেছিল ফিফা।
আর্জেন্টিনার ফুটবলারদের এই আচরণ নিয়ে সবর হয়েছেন ব্রিটেনের ডেমোক্র্যাট নেতা এড ড্যাফি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়েছেন তিনি। ডাফির দাবি, ঘটনার সঙ্গে জড়িত আর্জেন্টিনার ফুটবলারদের বিশ্বকাপ ফাইনালে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রসঙ্গে দু’বছর আগে স্পেনের দুই ফুটবলারের বিরুদ্ধে উয়েফার শাস্তিমূলক পদক্ষেপের কথা মনে করিয়ে দিয়েছেন। আমেরিকা ফিফার হস্তক্ষেপ দাবি করলেও সরাসরি আর্জেন্টিনার ফুটবলারদের সমালোচনা করেনি।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, মাঠে খেলোয়াড়েরা কোনও রাজনৈতিক, ধর্মীয়, ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা ছবি প্রদর্শন করতে পারেন না। ফুটবল মাঠে রাজনৈতিক স্লোগান বা বক্তব্য প্রদর্শন করলে ফিফা সাধারণত জরিমানা করে। ৫ হাজার ডলার (প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা) থেকে ২০ হাজার ডলার (প্রায় ১৯ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হয়। কোনও খেলোয়াড় জড়িত থাকলে, তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করতে পারে ফিফা। এমন বেশ কিছু দৃষ্টান্তও রয়েছে।
আর্জেন্টিনার ফুটবলারদের ব্যানার প্রদর্শনকে অবশ্য সমর্থন করেছেন সে দেশের প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তাঁর দাবি, ফুটবলারেরা অবৈধ কিছু করেনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ফুটবলারেরা যা করেছেন, সেটা বোঝা কঠিন নয়। দেশবাসীর আবেগ প্রকাশ করেছেন তাঁরা। আবেগ, উচ্ছ্বাসের বশে করেছে। হ্যাঁ, এ জন্য ফিফা ফুটবলারদের জরিমানা করতে পারে।’’ আর্জেন্টিনার বিদেশমন্ত্রকও বলেছে, দেশের ফুটবলারেরা মালভিনাস নিয়ে আমাদের দাবিকেই তুলে ধরেছে। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘পূর্ব ঘোষণা ছাড়াই আর্জেন্টিনার মূল ভূখন্ডের উপকূলের কাছে ব্রিটিশ নৌ সেনা জাহাজের উপস্থিতি গ্রহণযোগ্য নয়।’’ বুয়েনস এয়র্সের আমেরিকা এবং ব্রিটিশ দূতাবাসকে প্রতিবাদপত্র দিয়েছে আর্জেন্টিনা সরকার।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে আর্জেন্টিনার দিকে এগোতে শুরু করে ব্রিটিশ নজরদারি জাহাজ এইচএমএস মেডওয়ে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন আর্জেন্টিনার বিদেশমন্ত্রী পাবলো কুইরনো। বিষয়টিকে ‘সামরিক অভিযান’ বলেছেন তিনি। যদিও ব্রিটিশ সরকারের দাবি, আর্জেন্টিনার অনুমতি নিয়েই নজরদারি জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম