Advertisement
E-Paper

স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও

২০২২ সালে প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন স্লাভকো ভিনচিচ। এ বারের আর্জেন্টিনা-স্পেন ফাইনাল-সহ বিশ্বকাপের মোট ছ’টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপে সেরা রেফারির স্বীকৃতি পান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ২০:০৫
Picture of Football

স্লাভকো ভিনচিচ। — ফাইল চিত্র।

অবসর ঘোষণা করলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপের ফাইনাল খেলানো রেফারিকে আর দেখা যাবে না ম্যাচ পরিচালনা করতে। বিশ্বকাপে সেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন ৪৬ বছরের ভিনচিচ।

২০২২ সালে প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল-সহ সব মিলিয়ে বিশ্বকাপের ছ’টি ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও পরিচালনা করেছিলেন। গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম সেরা রেফারি হিসাবে বিবেচিত ভিনচিচ। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রেফারি হিসাবে প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। সে বার ষষ্ঠ রেফারির দায়িত্ব পেয়েছিলেন। একই সঙ্গে কাজ করেছিলেন স্লোভেনিয়া দলের সঙ্গেও। জাতীয় দলের ফুটবলারদের খেলার নিয়ম সম্পর্কে সচেতন রাখা ছিল তাঁর কাজ। ২০১৬ সালের ইউরো কাপেও তিনি জাতীয় দলের সঙ্গে ছিলেন। ২০১৭ সালে ভারতে আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন ভিনচিচ।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনাল ছাড়াও গ্রুপ পর্বে ব্রাজ়িল-মরক্কো এবং জর্জন-আলজ়েরিয়া ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন ভিনচিচ। রাউন্ড অফ ৩২-এ খেলান মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই ম্যাচ ১-২ ব্যবধানে হেরে গিয়েছিলেন মেসিরা। এ বার ফাইনালেও স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। অর্থাৎ ভিনচিচের পরিচালিত দু’টি ম্যাচই জিততে পারেননি লিয়োনেল মেসিরা।

বিশ্বকাপ শেষ হওয়ার দু’দিনের মাথায় অবসর ঘোষণা করেন ইংল্যান্ডের ৪৭ বছর বয়সি রেফারি অ্যান্থনি টেলর। এ বার সরে গেলেন ভিনচিচও। টেলর চাপের কথা বলেছিলেন অবসরের কারণ হিসাবে। ভিনচিচের অবসরের কারণ জানা যায়নি। তবে বিশ্বকাপ শেষ হতেই প্রাক্তন হয়ে গেলেন বিশ্বের অন্যতম সেরা দুই রেফারি।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
retirement referee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy