এশিয়ান গেমসের সময় দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। সোনা জয়ের লক্ষ্যে এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত। শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দরের মতো নিয়মিত ক্রিকেটারেরা রয়েছেন দলে। বাকিদের নিয়ে শক্তিশালী এক দিনের দল গঠনের চেষ্টা করছেন অজিত আগরকরেরা। এই পরিস্থিতিতে ফেরানো হতে পারে ঋষভ পন্থকে। বাড়তি দায়িত্ব পেতে পারেন লোকেশ রাহুল।
এক দিনের দলের সহ-অধিনায়ক শ্রেয়স। তাঁকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাওয়া যাবে না। তিন ম্যাচের সিরিজ়ে শুভমন গিলের সহকারী করা হতে পারে রাহুলকে। এক দিনের ক্রিকেটে তিনিই এখনও ভারতের প্রথম উইকেটরক্ষক। ঈশান এবং সঞ্জু না থাকায় পন্থকে এক দিনের দলে ফেরানো হতে পারে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে। আগরকরদের ভাবনায় রয়েছেন ধ্রুব জুরেলও। তাঁকে এক দিনের দলে নেওয়া হলে পন্থকে ইরানি ট্রফি খেলার নির্দেশ দেওয়া হবে। তখন পন্থকে অবশিষ্ট ভারতীয় দলের অধিনায়ক করা হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পন্থকে মূলত লাল বলের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হচ্ছে। শুভমন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাটিং অর্ডারের প্রথম তিনটি জায়গায় নিশ্চিত। অতিরিক্ত ওপেনার হিসাবে জশস্বী জয়সবালের দলে থাকাও নিশ্চিত। শ্রেয়সের অনুপস্থিতিতে রুতুরাজ গায়কোয়াড় এবং রজত পাটীদার দলে জায়গা পেতে পারেন। মিডল অর্ডারের জন্য আইপিএলের দুই অধিনায়ককে ভাবছেন আগরকরেরা।
ইংল্যান্ড সফরে এক দিনের দলে না থাকা রবীন্দ্র জাডেজাকে রাখা হতে পারে। তাঁর সঙ্গে জায়গা পেতে পারেন মানব সুতার। দলীপ ট্রফিতে চোট পাওয়ায় অনিশ্চিত হর্ষ দুবে। কুলদীপ যাদব এশিয়ান গেমসে যাবেন। আগরকরদের ভাবনায় ছিলেন বরুণ চক্রবর্তী। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন বরুণ। তিনি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে ফিট হতে না পারলে তৃতীয় স্পিনার হিসাবে অন্য কাউকে ভাবতে হবে নির্বাচকদের। ভিপরাজ নিগম এবং জ়িশান আনসারির নাম নিয়ে আলোচনা চলছে। বুমরাহ না থাকায় এক দিনের দলে ফিরতে পারেন মহম্মদ সিরাজ। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দলে ছিলেন না। তাঁর সঙ্গে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং প্রিন্স যাদব।
মহম্মদ শামি, যুজবেন্দ্র চহালের কথা এখনও ভাবছেন না নির্বাচকেরা। নতুন করে কোনও বোলারের চোট লাগলে তবেই তাঁদের কথা ভাবা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে কোচ হিসাবে থাকবেন গৌতম গম্ভীর। তিনি এশিয়ান গেমসে যাবেন না। দল নির্বাচন নিয়ে গম্ভীরের পরামর্শও নিচ্ছেন আগরকরেরা।