Advertisement
E-Paper

চার বছর পর জাতীয় দলে ভুবি, আবার বাদ রিঙ্কু! নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ়ের দলঘোষণা ভারতের

নিউ জ়িল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেই রওনা দেবেন শ্রেয়স আয়ারেরা। সেখানে সিরিজ় খেলবে ভারতের ‘এ’ দলও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ২১:০৫
cricket

শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে খেলতে যাবে ভারতীয় দল। —ফাইল চিত্র।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টি-টোয়েন্টি চলাকালীন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারত। দলের সবচেয়ে বড় চমক ভুবনেশ্বর কুমার। চার বছর পর আবার ভারতীয় দলে জায়গা পেলেন তিনি। আইপিএলে পর পর দু’বছর ভাল খেলার পুরস্কার পেলেন তিনি। তবে এই সিরিজ়েও জায়গা হল না রিঙ্কু সিংহের।

নিউ জ়িল্যান্ডের সিরিজ়ে দল নির্বাচনের জন্য বৈঠকে বসেছিল বোর্ড। সচিব দেবজিৎ শইকীয়ার সঙ্গে ছিলেন নির্বাচক প্রজ্ঞান ওঝা, শিবসুন্দর দাস, রুদ্রপ্রতাপ সিংহ। ম্যাচ থাকায় অধিনায়ক শ্রেয়স আয়ার ও কোচ গৌতম গম্ভীর ছিলেন না। গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণ ছিলেন বৈঠকে।

কয়েক জনের নাম নিয়ে সংশয় ছিল না। দেখার ছিল, চোট পাওয়া ক্রিকেটারদের কী হাল? হার্দিক পাণ্ড্য এখনও সুস্থ হতে পারেননি। একই হাল হর্ষিত রানার। তবে বরুণ চক্রবর্তী দলে ফিরেছেন। নীতীশ কুমার রেড্ডিকেও নেওয়া হয়েছে।

ভুবনেশ্বরের নাম গত কয়েক দিন ধরে জল্পনায় ছিল। আইপিএলে ভাল খেললেও জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে টি-টোয়েন্টি দলে জসপ্রীত বুমরাহ নেই। হয়তো এক দিনের ও টেস্ট সিরিজ়ের জন্য টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। সেই কারণেই অভিজ্ঞ ভুবিকে ফিরিয়েছে বোর্ড।

তবে ভারতীয় দলে রিঙ্কুর জায়গা ক্রমশ খারাপ হচ্ছে। এশিয়ান গেমস বা ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে নেওয়া হয়নি তাঁকে। এ বার নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেও বাদ পড়লেন তিনি। এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, রিঙ্কুর বিকল্প পেয়ে গিয়েছেন নির্বাচকেরা। তাই তাঁর জায়গা হচ্ছে না।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ক্রাইস্টচার্চে হবে খেলা। সেই মাঠেই ২৪ অক্টোবর দ্বিতীয় ম্য়াচ। ২৭ অক্টোবর ওয়েলিংটন, ৩০ অক্টোবর অকল্যান্ড ও ১ নভেম্বর হ্যামিলটনে হবে সিরিজ়ের বাকি তিন ম্যাচ।

ভারতের টি-টোয়েন্টি দল

শ্রেয়স আয়ার, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, তিলক বর্মা, অক্ষর পটেল, শিবম দুবে, নীতীশ রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেই দলও ঘোষণা করা হয়েছে। অধিনায়ক ধ্রুব জুরেল। রয়েছেন ঋষভ পন্থ। তবে তার আগে তাঁকে সুস্থ হয়ে খেলার ছাড়পত্র নিতে হবে। ইরানি কাপে ভাল খেলায় বাংলার মুকেশ কুমার ও আকাশদীপও রয়েছেন দলে। টি-টোয়েন্টি সিরিজ়ের পর এক দিনের ও টেস্ট সিরিজও রয়েছে। তারই প্রস্তুতি হিসাবে এই তিন ম্যাচকে দেখছে ভারত।

ভারত ‘এ’ দল

যশস্বী জয়সবাল, লোকেশ রাহুল, দেবদত্ত পডিক্কল, রবিচন্দ্রন স্মরণ, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, আকিব নবি, আকাশদীপ, অংশুল কম্বোজ, মানব সুতার, মুকেশ চৌধরী, সাই সুদর্শন, যশ রাঠৌড়, মুকেশ কুমার।

India Vs New Zealand Shreyas Iyer Bhuvneshwar Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy