দু’বছর লখনউ সুপার জায়ান্টসে খেলার পরে আবার দিল্লি ক্যাপিটালসে ফিরে আসছেন ঋষভ পন্থ। যে দলের কোচ এখন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের তরফে সমাজমাধ্যমে দেওয়া এক ভিডিয়োয় সৌরভ জানিয়েছেন, তিনি আশাবাদী দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে কোনও অসুবিধে হবে না পন্থের।
ইউটিউব চ্যানেলের ওই ভিডিয়োয় সৌরভ বলেছেন, ‘‘আমাদের এক জন মাঝের সারির ব্যাটসম্যান দরকার ছিল। আর ওই জায়গাটা পন্থের পক্ষে একেবারে আদর্শ। পন্থ আগেও দিল্লিতে ছিল এবং খুবই ভাল খেলেছে।’’ যোগ করেন, ‘‘পরের বছর আবার দিল্লির হয়ে নামবে পন্থ। আমি নিশ্চিত, যে সুযোগটা পাবে, তা কাজে লাগিয়ে আরও ভাল ক্রিকেটার হয়ে উঠবে।’’ চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে দিয়ে লখনউ থেকে পন্থকে নিয়েছে দিল্লি। দলের নতুন কোচের কথায়, ‘‘দিল্লির মাঠে খেলতে খুব পছন্দ করে পন্থ। আমি নিশ্চিত, আইপিএলে দিল্লির হয়ে ও দারুণ সব ইনিংস খেলবে।’’
কোচ হিসেবে নিজের দৃষ্টিভঙ্গির কথাও বলেছেন সৌরভ। ভারতের অন্যতম সেরা অধিনায়কের কথায়, ‘‘ক্রিকেটার আর কোচের মধ্যে পার্থক্য আছে। আপনাকে অনেক কিছু বুঝতে হয়। মাথা ঠান্ডা রাখতে হয়। প্রত্যেক খেলোয়াড় আলাদা আলাদা মানসিকতার হয়। ফলে নিজেকে তৈরি রাখতে হবে সবার সঙ্গে কাজ করার জন্য। আর ওদের থেকে সেরাটা বার করে আনার জন্য।’’ সৌরভের স্পষ্ট কথা, ‘‘কোচ তো আর মাঠে নেমে ব্যাট বা বল করবে না। সেটা ব্যাটসম্যান বা বোলারকেই করতে হবে।কোচকে তাই ওদের মানসিকতা বুঝতে হবে।’’
তাঁর সামনে লক্ষ্য কী? সৌরভের জবাব, ‘‘আমার চেষ্টা থাকবে দলকে শীর্ষে নিয়ে যাওয়ার। ২০১৯-২০ মরসুমে দিল্লি খুব ভাল দল ছিল। আমি ওই সময় দলের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাই। এ বার আমার আর ক্রিকেটারদের লক্ষ্য থাকবে এই দলটাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া।’’
আইপিএলে দিল্লি এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। সৌরভ ও ঋষভ পন্থ ফিরে আসায় এ বার কি তাদের হাতে ট্রফি উঠবে?
সৌরভ বর্তমানে সিএবি প্রেসিডেন্ট। একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব কি সামলাতে পারবেন? স্বার্থ-সংঘাতের প্রশ্ন উঠবে না তো? অবশ্য প্রিটোরিয়া ক্যাপিটালসে কোচিং করার সময়ও সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। সেই সময় কোনও অসুবিধা হয়নি। ভারতীয় বোর্ডের ছাড়পত্রও পেয়েছিলেন। এ বারও সেই ছাড়পত্রের অপেক্ষায় থাকবেন সৌরভ।