অধিনায়ক হিসাবে সাফল্যের পাশাপাশি বিশ্বরেকর্ড করলেন জো রুট। পাকিস্তানকে টেস্ট সিরিজ়ে চুনকাম করেছে ইংল্যান্ড। সেই সিরিজ়েই ব্য়াট হাতে সচিন তেন্ডুলকরের নজির ভেঙেছেন ইংরেজ অধিনায়ক রুট।
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬৯ বলে অপরাজিত ৬২ রান করেছেন রুট। ন’টি চার মেরেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এই ইনিংসের পর টেস্টে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড গড়েছেন রুট।
টেস্টে ৬৯তম অর্ধশতরান করেছেন রুট। এর আগে এই রেকর্ড ছিল সচিনের দখলে। টেস্টে ৬৮টি অর্ধশতরান রয়েছে সচিনের। ভারতীয় তারকাকে ছাপিয়ে গিয়েছেন টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক রানের মালিক।
আরও পড়ুন:
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল। টেস্টে ৬৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। চার নম্বরে যৌথ ভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। দু’জনেরই ৬৩টি করে অর্ধশতরান রয়েছে। পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৬২টি অর্ধশতরান করেছেন।