স্বস্তি পেলেন ব্রাইডন কার্স। কয়েক দিন আগে ডার্বিশায়ারের একটি পানশালায় মারামারি করে বিতর্কে জড়িয়েছিলেন কার্স। সেই ঘটনায় ইংল্যান্ডের ক্রিকেটারকে গ্রেফতার করে পুলিশ। তবে শেষ পর্যন্ত কার্সের বিরুদ্ধে কোনও মামলা রুজু করেনি পুলিশ। আবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন ৩১ বছরের ক্রিকেটার।
ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, কার্সের বিরুদ্ধে অভিযোগকারী কোনও লিখিত অভিযোগ দায়ের করতে চাননি। তাই ওই ঘটনার তদন্ত শেষ করা হচ্ছে। নতুন করে আর কোনও পদক্ষেপ করা হবে না। জোরে বোলারের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হচ্ছে না। গত ২৩ অগস্ট ভোরে ডার্বিশায়ারের একটি রেস্তোরাঁ থেকে কার্সকে গ্রেফতার করেছিল পুলিশ। মত্ত কার্সকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে হেফাজতে নিয়েছিল পুলিশ। তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। ইংরেজ জোরে বোলারের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। যদিও পরে কার্সকে ছেড়ে দেয় পুলিশ।
আরও পড়ুন:
বিতর্কিত ওই ঘটনার জন্য ৩১ বছরের জোরে বোলারকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের দল থেকে কার্সকে বাদ দেয় ইংল্যান্ড। তদন্ত চলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলেও রাখা হয়নি তাঁকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, সমস্যা সমাধান হওয়ার পর আবার কার্সকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে। যদিও বিতর্কে জড়িয়ে পড়ার পর ডারহ্যামের হয়ে কাউন্টি ক্রিকেটে দু’টি ম্যাচ খেলেছেন কার্স। একটি ম্যাচে ৪টি এবং একটি ম্যাচে ৯টি উইকেট নেন।