তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচে সিরিজ় ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। জো রুটদের জয়ের সামান্য প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। শ্রীলঙ্কাকে টপকে আগেই ছ’নম্বরে উঠে আসা ইংল্যান্ড ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়াই।
১০টি টেস্ট খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে প্যাট কামিন্সেরা। তাঁদের পয়েন্ট শতাংশ ৮০। আগের মতোই দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২।
পয়েন্ট তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে বাংলাদেশও। ছ’টি টেস্টের পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬। পঞ্চম স্থানে রয়েছে ভারত। ১১টি টেস্ট খেলার পর শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৫১.৫২।
ছ’নম্বরে রয়েছে ইংল্যান্ড। রুটদের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৩৮.৫৪। ১৬টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের। যদিও আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছেন ইংরেজরা। শ্রীলঙ্কা সাত নম্বরে থাকলেও খাতায়-কলমে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ছ’টি টেস্টের পর ধনঞ্জয় ডি সিলভার দলের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। ইংল্যান্ডের কাছে টানা তৃতীয় হারের ধাক্কায় পয়েন্ট তালিকায় সকলের নিচেই থাকল পাকিস্তান। ন’টি টেস্টের পর বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ১৪.৮১। তাঁরা রয়েছেন নবম স্থানে।
পাকিস্তানের আগে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ১২ টি টেস্টের পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ২০.৮৩। উল্লেখ্য, ফাইনালে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান।