জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ১২৬ রানের ইনিংস খেলার সুফল পেলেন হরমনপ্রীত কৌর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ক্রিকেটে মহিলা ব্যাটারদের ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে শীর্ষ স্থান হারিয়েছেন অধিনায়ক স্মৃতি মন্ধানা।
সদ্য প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন হরমনপ্রীত। তাঁর রেটিং ৬৭৬। হরমনপ্রীত উঠে আসায় এক ধাপ করে পিছিয়ে গিয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্র্যান্ট এবং অস্ট্রেলিয়ার এলিস পেরি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১২৬ রানের ইনিংস খেলার সুবাদেই ক্রমতালিকায় এগিয়েছেন ভারতের মহিলা দলের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। নেতৃত্ব ছাড়ার পর আবার পুরনো ফর্মে দেখা যাচ্ছে তাঁকে।
হরমনপ্রীত এগোলেও পিছিয়ে পড়েছেন মন্ধানা। এত দিন এক নম্বরে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। নতুন ক্রমতালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। মন্ধানার রেটিং ৭৬২। এক ধাপ এগিয়ে শীর্ষে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তাঁর রেটিং ৭৮২। আগের মতোই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের হেলি ম্যাথিউস। তাঁর রেটিং ৭৩১। চার থেকে ছয় নম্বর পর্যন্ত রয়েছেন তিন অস্ট্রেলীয়। যথাক্রমে রয়েছেন বেথ মুনি, ফোবে লিচফিল্ড এবং অ্যাশলে গার্ডনার। ক্রমতালিকায় সপ্তম স্থানে নিউ জ়িল্যান্ডের ম্যাডি গ্রিন।
আরও পড়ুন:
প্রথম ২০-র মধ্যে রয়েছেন ভারতের জেমাইমা রড্রিগেজ়। তবে এক ধাপ পিছিয়ে তিনি এখন ১৫ নম্বরে। জেমাইমার রেটিং ৬২২। এ ছাড়া প্রতীকা রাওয়াল সাত ধাপ এগিয়ে ২১ নম্বরে এবং চার ধাপ এগিয়ে দীপ্তি শর্মা ২৩ নম্বরে রয়েছেন। পাঁচ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে বাংলার রিচা ঘোষ।