Advertisement
E-Paper

আস্থার মর্যাদা রাখলেন শাহবাজ়, শতরানের পর ২ উইকেট, চেনা ফর্মে শামিও, কেরলের বিরুদ্ধে দাপট বাড়াচ্ছে ঈশ্বরণের বাংলা

কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলাকে লড়াইয়ে ফেরালেন অলরাউন্ডার, বোলারেরা। দ্বিতীয় দিনের খেলার শেষে তাঁদের দাপটেই সুবিধাজনক জায়গায় অভিমন্যু ঈশ্বরণের দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৯:১৫
Picture of Cricket

শাহবাজ় আহমেদ। — ফাইল চিত্র।

বাংলা তাকিয়ে ছিল শাহবাজ় আহমেদের দিকে। হতাশ করলেন না অলরাউন্ডার। চাপের মুখে শতরানের ইনিংস খেলে দলকে পৌঁছে দিলেন লড়াই করার মতো জায়গায়। শাহবাজ়কে সঙ্গ দিলেন সুমন্ত গুপ্ত, প্রদীপ্ত প্রামাণিকেরাও। ব্যাট হাতে তিন জনের লড়াইয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫০ রান তুললেন অভিমন্যু ঈশ্বরণেরা। মঙ্গলবার খেলার শেষে কেরলের রান ৬ উইকেটে ১০১।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলার শেষে বাংলার রান ছিল ৬ উইকেটে ১৭২। সেখান থেকে বোলারদের সঙ্গে করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন শাহবাজ়। ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন। শেষ পর্যন্ত ২০৩ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে। ভাল ব্যাট করলেন সুমন্তও। ১ রানের জন্য অর্ধশতরান পেলেন না। তাঁর ৯৫ বলে ৪৯ রানের ইনিংসে রয়েছে ৫টি চার। শাহবাজ়-সুমন্ত জুটি সপ্তম উইকেটে যোগ করে ১০৩ রান। সুমন্ত আউট হওয়ার পর শাহবাজের সঙ্গে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান প্রদীপ্তও। তিনি করেন ২৭ রান। ২টি করে চার এবং ছয় মেরেছেন। শেষ দিকে চেষ্টা করেন মহম্মদ শামিও (১৭)।

বাংলার ৩৫০ রানের জবাবে ঘরের মাঠে কেরলের ইনিংসের শুরুটা ভাল হয়নি। একই নামের দুই ওপেনার অভিষেক নায়ার (৪) এবং অভিষেক নায়ার (১২) দ্রুত আউট হয়ে যান। রান পাননি সচিন বেবি (২৩), সলমন নিজ়ার (১১), আদিত্য সারওয়াতে (০)। বাংলার বোলিংয়ের সামনে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন কেরল অধিনায়ক বিষ্ণু বিনোদ (৪১)। দিনের শেষে ২২ গজে অপরাজিত রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (৫) এবং জলজ সাক্সেনা (০)।

বাংলার বোলারেরাও ভাল বল করেছেন মঙ্গলবার। শামিকে আবার চেনা ফর্মে দেখা যাচ্ছে। ২০ রানে ৩ উইকেট নিয়েছেন শামি। বল হাতেও সাফল্য পেয়েছেন শাহবাজ়। ৮ রানে ২ উইকেট তাঁর। এ ছাড়া ৩৭ রানে ১ উইকেট প্রদীপ্তের।

Kerala Shahbaz Ahmed Mohammed Shami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy