Advertisement
E-Paper

এখনও ১২ বলে ৫০ করতে পারলি না! শিষ্য অভিষেককে খোঁচা গুরু যুবরাজের, পেলেন জবাবও

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ৫০ রান করেছিলেন যুবরাজ। অভিষেক কয়েক বার তার কাছাকাছি পৌঁছলেও ভাঙতে পারেননি। তাই খোঁচা খেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৭:০৮
cricket

যুবরাজ সিংহ (বাঁ দিকে) ও অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

৩৫ বলে শতরান করেছেন তিনি। কিন্তু ১২ বলে তো আর ৫০ রান করতে পারেননি। করেছেন ১৫ বলে। আর তাই ম্যাচ জেতানো ইনিংসের পরেও গুরু যুবরাজ সিংহের খোঁচা খেতে হল শিষ্য অভিষেক শর্মাকে। তবে পুরোটাই মজার ছলে। এ বার অবশ্য গুরুকে জবাবও দিয়েছেন তিনি।

ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে সিরিজ় জিতেছে ভারত। ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন অভিষেক। হয়েছেন ম্যাচের সেরা। খেলা শেষে সমাজমাধ্যমে অভিষেককে খোঁচা মেরেছেন যুবরাজ। তিনি লেখেন, “এখনও তো ১২ বলে ৫০ রান করতে পারলি না অভিষেক।” তবে পাশাপাশি অভিষেক-বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন যুবি। লিখেছেন, “দুই বাঁহাতিকে দেখে মনে হল বাড়ির উঠোনে ব্যাট করছে।”

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ৫০ রান করেছিলেন যুবরাজ। আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও সেটি দ্রুততম অর্ধশতরান। অভিষেক কয়েক বার তার কাছাকাছি পৌঁছলেও ভাঙতে পারেননি।

যুবরাজের খোঁচার জবাব দিয়েছেন অভিষেক। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, “আমি আগেও এটা বলেছি। আমি জানি না, এত বছর আগে পাজি কী ক্রিকেট খেলত। মাঠে নেমে ১২ বলে ৫০ রান করা সহজ নয়। এক-আধ বারই তা হয়।”

অবশ্য নেহাতই মজার ছলে অভিষেককে খোঁচা মেরেছেন যুবরাজ। তাঁর হাতেই তৈরি হয়েছেন অভিষেক। তিনি জানেন কতটা দক্ষ এই ব্যাটার। তাই পরে আরও একটি পোস্টে যুবরাজ লেখেন, “অবশ্য আমিও ৩০ বা ৩৪ বলে ১০০ করতে পারিনি। দুর্দান্ত খেলেছিস। আর সিঙ্গলও নিয়েছিস। দেখে ভাল লাগছে। অন্য দিকে বৈভব। দুর্দান্ত জুটি। সঞ্জুকে তিন নম্বরে দেখে ভাল লাগল। দলের জন্য খেলেছে। ২০০ রানের নীচে নিউ জ়িল্যান্ডকে আটকানোর জন্য বোলারদেরও প্রশংসা প্রাপ্য। দুর্দান্ত একটা জয়।”

India Vs New Zealand Yuvraj Singh Abhishek Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy