২০০৮-এর মুম্বই হামলার পরে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেয় না ভারতীয় বোর্ড। তবে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার পরের বছর আইপিএলে খেলার জন্য আবেদন জানাতে চলেছেন। যে নিয়মের সাহায্যে তিনি আবেদন করবেন, তাতে খেলতে কোনও অসুবিধা নেই।
সেই ক্রিকেটারের নাম মহম্মদ আমির। তিনি পাকিস্তানে জন্মেছেন এবং দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই বহু ম্যাচ খেলেছেন। এখন তিনি ব্রিটেনের নাগরিক। ব্রিটেনের আইনজীবী নার্জিস খানকে বিয়ের পর থেকে আমির ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি আইনি কার্যকলাপ, বাসস্থানের প্রমাণ এবং ইংরেজি শিক্ষার পরীক্ষায় পাশ করার পর মে মাসে ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন তিনি।
ব্রিটেনের নাগরিক হওয়ায় এমনিতেই আমিরের আইপিএলে খেলার আবেদন করতে অসুবিধা নেই। এমনকি কোনও দল তাঁকে চাইলে নিতেই পারে। তবে কেউ আদৌ আগ্রহী হবে কি না সেটাই আসল প্রশ্ন।
৩ নভেম্বর থেকে আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফট আয়োজন হবে। সেখানে আমির নিজেকে ব্রিটেনের ক্রিকেটার হিসাবে নথিভুক্ত করিয়েছেন। এমনকি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও তাঁকে স্থানীয় হিসাবেই ধরা হয়। তিনি আর বিদেশি ক্রিকেটার নন। টি২০ ব্লাস্ট এবং দ্য হানড্রেড প্রতিযোগিতায় স্থানীয় ক্রিকেটার হিসাবেই খেলেছেন তিনি। তেমনই পাকিস্তান সুপার লিগে এ বার থেকে তাঁকে বিদেশি ক্রিকেটার হিসাবে ধরা হবে।
আরও পড়ুন:
পাকিস্তানে জন্মালেও অন্য দেশের নাগরিকত্ব কাজে লাগিয়ে আইপিএলে খেলার শেষ উদাহরণ আজহার মাহমুদ। তিনি ২০১২-য় কিংস ইলেভেন পঞ্জাব এবং ২০১৫-য় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তিনি ব্রিটেনের নাগরিক এব্বা কুরেশিকে বিয়ে করার পর ব্রিটেনের নাগরিকত্ব পান।