Advertisement
E-Paper

এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিশ্বকাপ! চোটের কারণে বার বার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বুমরাহকে পায়নি তাঁর দল

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। শুধু এই সিরিজ় নয়, এর আগেও অনেক বার চোটের কারণে বুমরাহকে পায়নি তাঁর দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ১২:০১
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

বার বার চোট পেয়েছেন তিনি। ফিরেছেন। আবার চোট পেয়েছেন। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। শুধু এই সিরিজ় নয়, এর আগেও অনেক বার চোটের কারণে বুমরাহকে পায়নি তাঁর দল। তার মধ্যে এশিয়া কাপ, বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএলও রয়েছে।

১) এশিয়া কাপ

২০২২ সালের এশিয়া কাপের আগে পিঠে চোট পান বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের সময় এই চোট পান তিনি। ফলে সে বার এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। তাঁর অবর্তমানে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি ভারত।

২) টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপের পর বুমরাহ চোট সারিয়ে ফিরেছিলেন। কিন্তু আবার চোট পান তিনি। ফলে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তাঁর বদলে মহম্মদ শামিকে দলে নেওয়া হয়। সে বার সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নেয় ভারত।

৩) বর্ডার-গাওস্কর সিরিজ়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের চোট সারতে বহু দিন লেগেছিল বুমরাহের। ফলে ২০২৩ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে পারেননি তিনি। অবশ্য সেই সিরিজ় জিতেছিল ভারত।

৪) আইপিএল

পিঠের সেই চোটের কারণে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ। ফলে ২০২৩ সালের আইপিএলেও খেলতে পারেননি। যদিও তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে উঠেছিল। তৃতীয় স্থানে শেষ করে তারা।

৫) টেস্ট বিশ্বকাপের ফাইনাল

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। সেই ম্যাচেও খেলতে পারেননি বুমরাহ। ২০৯ রানের হেরেছিল ভারত। বুমরাহ থাকলে হয়তো ছবিটা অন্য রকম হত।

৬) চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২৪-২৫ সালের বর্ডার-গাওস্কর ট্রফি খেলার সময় আবার চোট পান বুমরাহ। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি তিনি। তাঁর বদলে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়। বুমরাহ না খেললেও সে বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল রোহিত শর্মার ভারত।

Jasprit Bumrah India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy