একের পর এক চোটে কাবু হার্দিক পাণ্ড্য। ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। নিউ জ়িল্যান্ড সফরেও অনিশ্চিত অভিজ্ঞ অলরাউন্ডার। হার্দিকের চোট নতুন করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা।
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের ডান পায়ে চোট রয়েছে। তাঁর টিবিয়ায় (হাঁটুর নিচের হাড়) স্ট্রেস রেসপন্সের লক্ষণ রয়েছে। যদিও হাড়ের কাঠামোগত কোনও ক্ষতি হয়নি বা ভাঙেনি। তবে ব্যথা রয়েছে। হাড়ের এই ধরনের চোট সারতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। আপাতত হার্দিককে দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। জানা গিয়েছে, হার্দিকের পায়ের হাড়ের এই চোট নতুন। উল্লেখ্য, গত আইপিএলের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক।
নিউ জ়িল্যান্ড সফরে ১০টি সাদা বলের ম্যাচ রয়েছে ভারতের। পাঁচটি টি-টোয়েন্টি এবং পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ়ে হার্দিকের মতো জোরে বোলিং অলরাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন ভারতীয় দলের হয়ে। ২২ অক্টোবর প্রথম ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউ জ়িল্যান্ড। তার আগে হার্দিকের পক্ষে চোট সারিয়ে মাঠে ফেরা সম্ভব নয়। প্রথম এক দিনের ম্যাচ হবে ৪ নভেম্বর। তার আগে সম্পূর্ণ ফিট হতে পারলে এক দিনের সিরিজ়ে তাঁকে পাওয়া যেতে পারে।
হার্দিক রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই)। সেখানকার চিকিৎসকেরা কিছু দিন আগে বোর্ডকে দেওয়া রিপোর্টে জানান, হার্দিক মাঠে ফেরার জন্য প্রায় তৈরি। ম্যাচ ফিট হতে কয়েক দিন সময় লাগবে। চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। সেই মতো অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ়ের দলে শর্তসাপেক্ষে রাখা হয় হার্দিককে। ৬, ৯ এবং ১১ অক্টোবরের তিনটি ৫০ ওভারের ম্যাচের জন্য গত ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করা হয়। আশা করা হয়েছিল, এই সিরিজ়ের আগে হার্দিক সম্পূর্ণ ফিট হয়ে যাবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আগে ‘এ’ দলের সিরিজ়ে হার্দিককে দেখে নিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু তিনি কী ভাবে নতুন চোট পেলেন, তা জানা যায়নি। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই নানা চোটে ভুগছেন হার্দিক।