নজির গড়লেন হ্যারি ব্রুক। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে প্রথম এক ক্যালেন্ডার বছরে একাধিক শতরান করলেন ব্রুক। আইসিসির পূর্ণ সদস্য নয়, এমন দেশগুলির একাধিক অধিনায়কের এমন কীর্তি রয়েছে।
ইংল্যান্ড অধিনায়ক এক ক্যালেন্ডার বছরের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি শতরান করলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন ব্রুক। সেই ম্যাচটি হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করলেন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির টি-টোয়েন্টি অধিনায়কদের কেউ এর আগে এক ক্যালেন্ডার বছরের দু’টি শতরান করতে পারেননি। প্রথম অধিনায়ক হিসাবে নজির গড়লেন ব্রুক।
ক্রিকেটে এমন নজির অবশ্য আগে রয়েছে। আফ্রিকার দেশ এসোয়াতিনির অধিনায়ক আদিল বাট ২০২৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি শতরান করেছেন। সুইৎজ়ারল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ফাহিম নাজ়ির ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দু’টি শতরান করেছিলেন। তিনিই বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার বছরের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে একাধিক শতরান করেন। এসোয়াতিনি বা সুইৎজ়ারল্যান্ড আইসিসির পূর্ণ সদস্য নয়। পূর্ণ সদস্য দেশগুলির অধিনায়কদের মধ্যে ব্রুক প্রথম বাট এবং নাজ়িরের নজির স্পর্শ করলেন।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫৪ রান তোলেন ব্রুকেরা। ৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুক। ১০টি চার এবং ৬টি ছক্কা মারেন। ৪৪ বলে ৮০ রান করেন জস বাটলার। ৮টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। জবাবে শ্রীলঙ্কার ইনিংস ১৯ ওভারে ১৩৫ রানে শেষ হয়।