Advertisement
E-Paper

ওজন বেশি হওয়ায় চোট পেয়েছেন হর্ষিত! ভারতের বোলারের ফিটনেস নিয়ে প্রশ্ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই বরুণও

ইংল্যান্ড সিরিজ়ের মাঝপথে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। দুই বোলারের ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওজন বেশি হওয়ার কারণে চোট পেয়েছেন হর্ষিত। বরুণের একই চোট প্রশ্ন তুলে দিয়েছে তাঁর ভবিষ্যৎ নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৯:৩৪
cricket

বরুণ চক্রবর্তী (বাঁ দিকে) এবং হর্ষিত রানা। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি খেলার পর ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। দুই বোলারের ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছে, ওজন বেশি হওয়ার কারণে চোট পেয়েছেন হর্ষিত। অন্য দিকে, বরুণের একই চোট প্রশ্ন তুলে দিয়েছে তাঁর ভবিষ্যৎ নিয়ে।

হাঁটুর চোট সারিয়ে ইংল্যান্ড সিরিজ়েই ফিরেছিলেন হর্ষিত। তিনটি ম্যাচ খেলতে না খেলতেই আবার চোট পান। তার আগে দু’টি ম্যাচ খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড সিরিজ়ে নাকি বেশি ওজন নিয়েই খেলতে গিয়েছিলেন তিনি। সেই কারণেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। বোর্ড বিবৃতিতে জানিয়েছিল, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হওয়ার কারণে তাঁকে সিরিজ় থেকে বাদ দেওয়া হচ্ছে।

তবে হর্ষিতের চোট গৌতম গম্ভীর এবং তাঁর দলের কাছে চিন্তায় বিষয়। প্রত্যাবর্তনের আগে কী ভাবে এতটা চোট বাড়িয়ে ফেললেন হর্ষিত? হাঁটুর চোটের রিহ্যাব করার সময়েই তাঁর বাড়তি ওজন ঝরে যাওয়ার কথা ছিল না? ওজন বেড়েছে জানা সত্ত্বেও কেন তাঁকে খেলার অনুমতি দেওয়া হল?

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “২০২৭ বিশ্বকাপের আগে হর্ষিত এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁকে আট নম্বর ব্যাটার হিসাবে দেখা হচ্ছে। পাশাপাশি ১৪০ কিলোমিটারের উপর গতিও রয়েছে। কিন্তু ফিটনেস প্রক্রিয়া নিয়ে ওকে আরও ভাবতে হবে।”

তিনি আরও বলেন, “দলে যোগ দেওয়ার সময়ে হর্ষিতের ওজন বেশি ছিল। জোরে বল করে এমন বোলারের ওজন যদি বেশি থাকে তা হলে হ্যামস্ট্রিংয়ে চোট তো পাবেই।” বোঝাই গিয়েছে, রিহ্যাব করার সময় হর্ষিত নিজের ওজনের দিকে নজরই দেননি। সূত্রের খবর, টি-টোয়েন্টি দলের এক ব্যাটারেরও ওজন বেশি ছিল। তবে সেটি সামান্য হওয়ায় চর্চা হয়নি বিশেষ।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ ভারতের তুরুপের তাস ছিলেন। কেকেআরের হয়ে আইপিএলে চিড়ধরা গোড়ালি নিয়েই খেলেছিলেন। কিন্তু আয়ারল্যান্ড সিরিজ়ে খেলতে পারেননি চোটের কারণে। ইংল্যান্ডে গিয়ে তিনটি ম্যাচ খেলার পরেই হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরের মাসেই তাঁর ৩৫ বছর বয়স হচ্ছে। ফলে আর কত দিন তাঁকে নিয়ে অপেক্ষা করা হবে সেই প্রশ্ন উঠছে। অলিম্পিক্স বা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় হয়তো তিনি থাকবেন না।

India vs England Harshit Rana Varun Chakravarthy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy