Advertisement
E-Paper

দু’বছর আগে কোটিপতি হয়ে যাওয়া বৈভবের প্রভাব সাউথ আফ্রিকার লিগের নিলামে! দেড় কোটির উপর দর উঠল তরুণ ক্রিকেটারের

বছর কয়েক আগে বৈভব সূর্যবংশীকে ১.১ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। সেই উত্থানের ছায়া সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের নিলামেও। সে দেশের এক তরুণ ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৭:২৩
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

দু’বছর আগে বৈভব সূর্যবংশীকে ১.১ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে উত্থান হওয়া বৈভব এখন বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছে। বৈভবের উত্থানের ছায়া দেখা গিয়েছে সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের নিলামেও। সে দেশের এক তরুণ ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন।

সাউথ আফ্রিকার এসএ২০ লিগের নিলামে ১৮ বছরের ক্রিকেট জেসন রোলস সবচেয়ে বেশি দাম পেয়েছেন। তাঁকে ২৯ লক্ষ ডলার বা ১.৬৮ কোটি টাকায় কিনেছে জোবার্গ সুপার কিংস। এমআই কেপ টাউনের সঙ্গে টক্কর দিয়ে রোলসকে দলে নিয়েছে তারা। বাঁ হাতি ব্যাটার এবং বাঁ হাতি স্পিনার রোলস এখন সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

এসএ২০ লিগের কমিশনার গ্রেম স্মিথ জানিয়েছেন, তাঁরা তরুণ ক্রিকেটারদের উত্থানের দিকে নজর দিয়েছেন। তাই রোলস অত বেশি দাম পেয়েছেন। তিনি বৈভবকেও উদাহরণ হিসাবে টেনেছেন।

সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার স্মিথ বলেছেন, “নেপথ্যে থেকে যে ভাবে প্রতিভা খুঁজে বার করছে তার জন্য প্রতিটা দল এবং তাদের কোচেদের ধন্যবাদ প্রাপ্য। বৈভবকে আইপিএলে সকলেই দেখেছি। তরুণদের উপরে ভরসা রাখার প্রবণতা গোটা বিশ্বেই বেড়ে গিয়েছে। এ বারও কোয়েনা মাফাকা, ডেওয়াল্ড ব্রেভিস, রোলসের মতো অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারেরা অনেক দাম পেয়েছে।”

স্মিথ আরও বলেন, “খেলার উন্নতির কথা ভাবলে এই তরুণদের উঠে আসার কাহিনি সাউথ আফ্রিকার ক্রিকেটের গরিমাকেই আরও বাড়াবে। নিলাম থেকে যা দেখতে পেয়েছি তাতে সাউথ আফ্রিকার ভবিষ্যৎ সুরক্ষিত।”

Vaibhav Sooryavanshi SA20

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy