আগামী বছর ২ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ। অর্থাৎ, এখনও প্রায় এক বছর বাকি। অথচ এখন থেকেই টিকিটের উন্মাদনা চরমে। মাত্র ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে। এই হিসেব জানিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
চলতি বছর ১ অক্টোবর বিশ্বকাপের সূচি জানিয়েছে আইসিসি। আগামী বছর ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে খেলা। আইসিসি একটি বিবৃতিতে বলেছে, “১৪২টি দেশে থেকে ৪৪,২৩,৪১৭ ব্যালট রেজিস্ট্রেশন হয়েছে। সব মিলিয়ে টিকিটের আবেদন এসেছে ১,৫০,৮৩,৭৫২। এর থেকেই বোঝা যাচ্ছে বিশ্বকাপের উন্মাদনা কেমন। গোটা বিশ্ব খেলা দেখতে মুখিয়ে রয়েছে।”
বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই এই ব্যালট রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। অনলাইনে টিকিট কিনতে হলে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। তার পরই টিকিটের আবেদন করা যাবে। এক জন একটি ম্যাচের জন্য একটি টিকিটের আবেদন করতে পারবেন। তবে তিনি চাইলে একাধিক ম্যাচের টিকিটের আবেদন করতে পারেন। সেই কারণেই ব্যালট রেজিস্ট্রেশনের তুলনায় টিকিটের আবেদনের সংখ্যা বেশি। ২১ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করে টিকিটের আবেদন করা যাবে।
আরও পড়ুন:
আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, “যা টিকিট তার থেকে বেশি আবেদন এলে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে যে, কারা টিকিট কাটতে পারবেন। তাঁদের ইমেল করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তার পরেই তাঁরা টিকিট কাটতে পারবেন।”
২০২৩ সালে ভারতের মাটিতে হয়েছিল এক দিনেক বিশ্বকাপ। অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এ বার হয়তো তাঁদের শেষ বিশ্বকাপ। এক বার চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চান তাঁরা। আর তার এক বছর আগে থেকেই বিশ্বকাপের উন্মাদনা চড়তে শুরু করেছে।