তাঁকে না জানিয়েই তাঁর নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে। এই অভিযোগে বিদেশের এক টি-টোয়েন্টি লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিখর ধাওয়ান। ভারতের প্রাক্তন ক্রিকেটার নিজের ভক্তদের অনুরোধ করেছেন, ভুয়ো প্রচারে বিশ্বাস না করতে।
এক্স মাধ্যমে একটি পোস্টে নিজের কথা জানিয়েছেন ধাওয়ান। তিনি লেখেন, “ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কনটিনেন্ট কাপে নিজের নাম দেখে আমি অবাক হয়েছি। আমি এই ধরনের কোনও প্রতিযোগিতায় খেলছি না। আমাকে না জানিয়েই আয়োজকেরা আমার নাম ব্যবহার করে প্রচার করেছে। আমার দল নির্দিষ্ট আইনি পদক্ষেপ করবে।”
ধাওয়ান আরও লেখেন, “সংবাদমাধ্যম ও ভক্তদের অনুরোধ করব, এই ধরনের কোনও খবরে বিশ্বাস করবেন না। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন:
ভারতীয় দলে দীর্ঘ দিন খেলেছেন ধাওয়ান। দেশের হয়ে ৩৪ টেস্টে ২৩১৫ রান করেছেন তিনি। ৪০.৬১ গড়ে সাতটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন। সর্বাধিক ১৯০ রান। ১৬৭টি এক দিনের ম্যাচে ৪৪.১১ গড়ে ৬৭৯৩ রান করেছেন তিনি। ১৭টি শতরান ও ৩৯টি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সর্বাধিক রাম ১৪৩। দেশের হয়ে ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭.৯২ গড়ে ১৭৫৯ রান করেছেন তিনি। ১১টি অর্ধশতরান করেছেন। সর্বাধিক রান ৯০।
ভারতীয় দলে ২০২২ সালের ডিসেম্বর মাসের পর থেকে আর জায়গা পাননি ধাওয়ান। ২০২৪ সালের ২৪ অগস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতের বাঁহাতি ওপেনার। আইপিএলেও দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজ়ার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ধাওয়ান। কিন্তু ২০২৫ সাল থেকে আর আইপিএলে সুযোগ পাননি তিনি।