নিউ জ়িল্যান্ড সিরিজ়ের টি-টোয়েন্টি দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। তবে টেস্ট এবং এক দিনের দল ঘোষণার দিন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া হচ্ছে। তিন জন ক্রিকেটারের জন্য অপেক্ষা করা হচ্ছে। তাঁদের ফিটনেস নিয়ে চূড়ান্ত সঙ্কেত পেলেই দল ঘোষণা করে দেওয়া হবে।
এই তিন ক্রিকেটার হলেন প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা এবং ঋষভ পন্থ। ‘টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পাওয়ার পর প্রসিদ্ধকে ফেরানোর জন্য তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল। হর্ষিত জুলাই থেকে উৎকর্ষ কেন্দ্রে (সিওই) রয়েছেন। তাঁকে ২৫ অক্টোবর চূড়ান্ত পরীক্ষা করা হবে।
গত সোমবার বিসিসিআই জানিয়েছিল, ভারত ‘এ’ দলের দু’টি ম্যাচে পন্থকে পাওয়া যাবে না। ইরানি কাপে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। আপাতত সিওই-তে রয়েছেন। কবে ফিট হবেন তা এখনও অজানা। এ ছাড়া, গুয়াহাটির ওই এক দিনের ম্যাচে প্রসিদ্ধকে পাঁচ ওভারের পর বল করানো হয়নি। কারণ বাঁ পায়ের পেশিতে টান ধরেছিল তাঁর।
আরও পড়ুন:
বোর্ডের এক সূত্র বলেছেন, “প্রসিদ্ধ এবং পন্থের চোট বিরাট গুরুতর নয়। তবে অতীত বিতর্কের কারণে সিওই ঝুঁকি নেবেন না। তাই জন্য দু’জনকেই তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দল পরিচালন সমিতি চাইছে হর্ষিতকে দুটো ফরম্যাটেই খেলাতে। পাশাপাশি আটে ব্যাট করতে পারে এমন অলরাউন্ডার হিসাবেও তাঁকে দেখা হচ্ছে।”